ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবল থেকে বিদায়বেলায় যা বললেন ক্রুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ৬ জুলাই ২০২৪
ফুটবল থেকে বিদায়বেলায় যা বললেন ক্রুস
টনি ক্রুস

স্পেনের বিরুদ্ধে সমানতালে লড়াই করেও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে জার্মানি। বিদায় নিলেও অবসরে যাওয়া জার্মান তারকা মিডফিল্ডার টনি ক্রুস দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই আসর শেষে সব ধরনের ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন ক্রুস। বড় কোন আসরে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিজেদের মেলে ধরতে পারেনি জার্মানি। তবে ইউরোর সার্বিক পারফরমেন্স নিয়ে বিদায় বেলায় সন্তুষ্টি জানিয়েছেন ক্রুস।

প্রথমার্ধ গোলশুন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ১৬ বছর বয়সী লামিন ইয়ামালের পাসে ডানি ওলমো গোল করে স্পেনকে এগিয়ে দেন। ৮৯ মিনিটে ফ্লোরিয়ান রিটজের গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে জার্মানি। ১১৯ মিনিটে মিকেল মেরিনোর হেডে স্পেনের জয় নিশ্চিত হয়।

Advertisement

কোয়ার্টার ফাইনালের জমাট লড়াই শেষে ক্রুস বলেন, ‘আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব সেটাই আমরা আজ করেছি। যদিও একেবারে শেষ মুহূর্তে এসে এই ধরনের পরাজয় কোনভাবেই মেনে নেয়া যায় না। অবসরের চাইতে ইউরো থেকে বিদায় নেয়াটা এখন মূল গুরুত্ব দিচ্ছি।’

এরপর রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘এই ম্যাচে আমরা যেসব গোল করতে পারিনি সেগুলো নিয়ে ভাবতে হবে। গোলের সুযোগ নষ্ট হওয়ায় আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। পুরো টুর্নামেন্টে আমরা দারুণ ফুটবল খেলেছি। কিন্তু তারপরও এভাবে বিদায় সত্যিই হতাশার।’

৩৪ বছর বয়সী ক্রুস বলেছেন, জার্মান ফুটবলের ভবিষ্যত অনেক উজ্জ্বল। এই দলটি সমর্থকদের মধ্যেও আশার সঞ্চার করেছে। এ সম্পর্কে ক্রুস বলেন, ‘আমরা যা করে দেখিয়েছি তাতে সবারই গর্ব হবার কথা। আমি নিজেও দারুণ খুশি।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি আমরা আবারো জার্মান ফুটবলকে আশাবাদী করে তুলেছি। একসাথে এগিয়ে যেতে পারলেও ভবিষ্যতে ভাল কিছু অর্জন করা সম্ভব। কিন্তু সত্যি বলতে কি এই আসরে আমাদের আরো কিছুটা সময় থাকা উচিৎ ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!