ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পানামাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯, ৭ জুলাই ২০২৪
পানামাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে কলম্বিয়া
ফাইল ছবি

গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল কলম্বিয়া। এই পর্বে তাদের প্রতিপক্ষ ছিল পানামা। সেমিফাইনালে ওঠার মিশনে পানামাকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে তারা।

রোববার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের স্টেট ফার্ম স্টেডিয়ামে পানামাকে ৫-০ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে কোপা আমেরিকার সেমিফাইনালে নাম লিখিয়েছে কলম্বিয়া। এই জয়ে হামেস রদ্রিগেজদের অপরাজেয়-যাত্রা অব্যাহত রইলো টানা ২৭ ম্যাচ। 

দুই দলই ম্যাচে সমান তালে আক্রমণ চালায়। তবে ম্যাচে কলম্বিয়ার (৭টি) দ্বিগুণ শট নিয়েছে পানামা (১৪টি)। কলম্বিয়া ৫টি লক্ষ্যে রেখে সবকটিতে গোল পায়, পানামা ১৪ শটের মধ্যে মাত্র ৩টি লক্ষ্যে রেখে একটি গোলও আদায় করতে পারেনি।

Advertisement

এই ম্যাচে দুর্দান্ত ছিলেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। চার গোলের মধ্যে দুটিতে তার অ্যাসিস্ট, একটি গোল করেছেন নিজেই। ম্যাচের ৮তম মিনিটের মাথায় হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করেন জন করডোভা।

১৫তম মিনিটে পেনাল্টি থেকে রদ্রিগেজ নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। জন আরিয়াসকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন পানামার ওরলান্ডো মসকুইরা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগেজ।

প্রথমার্ধর শেষ দিকে তৃতীয় গোলের দেখা পায় কলম্বিয়া। এই গোলেও অবদান রদ্রিগেজের। সেট পিস থেকে বল বানিয়ে দেন তিনি লুইস দিয়াজকে। দিয়াজ বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধেও পানামা ভুরি ভুরি সুযোগ মিস করে। কলম্বিয়া সুযোগ তৈরি করেই দারুণভাবে কাজে লাগায় আবারও। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন রিচার্ড রিউস।

চার গোল হজম করার পরও কলম্বিয়ার বক্সে আক্রমণ চালিয়েছে পানামা। কিন্তু বারবার তারা ভুগেছে ফিনিশিংয়ের ব্যর্থতায়। ইনজুরি টাইমে এসে আরও এক গোল হজম করে তারা।

সান্তিয়াগো আরিয়সকে পেনাল্টি এরিয়ায় শক্ত ফাউল করে হলুদ কার্ড দেখেন হোসে করডোবা। মিগুয়েল বরইয়া ডান পায়ের শটে গোল করলে ৫-০ ব্যবধানের বড় হার নিয়েই বিদায় নেয় পানামা।

আজ সকাল ৭টায় চতুর্থ ও শেষ কোয়ার্টারে মুখোমুখি হবে ব্রাজিল এবং উরুগুয়ে। এই ম্যাচে জয়ী দল খেলবে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!