ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মুলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ১৫ জুলাই ২০২৪
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মুলার
থমাস মুলার

স্বাগতিক বিবেচনায় এবারের ইউরোতে অন্যদের চেয়ে শুরুতেই কিছুটা এগিয়ে ছিল র্জামানি। এছাড়া দলটির পারফরম্যান্সও ছিল ঠিক ফেবারিটের মতোই। তবে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হয় তারা, যারা গতকাল রাতে ইউরোর চতুর্থ শিরোপা নিশ্চিত করেছে।

স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জার্মানি। তখনই শেষের ইঙ্গিত দিয়েছিলেন থমাস মুলার। এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ ফরোয়ার্ড এই কথা জানিয়েছেন।

গতকাল রাতে বার্লিনে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরের শিরোপার নিষ্পত্তি হয়েছে। যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। লামিনে ইয়ামাল ও দানি কারভাহালদের দল টানা ৭ জয় দিয়ে রেকর্ড গড়েই ইউরো জিতেছে।

Advertisement

রোমাঞ্চকর এই মহারণ শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড মুলার। ২০১০ সালে জার্মানির হয়ে জাতীয় দলে তার অভিষেক হয়। ৩৪ বছর বয়সী এই তারকা জার্মানির জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন ১৪ বছরের।

জাতীয় দলে ১৩১ ম্যাচে ৪৫টি গোল করেছেন মুলার। এছাড়া ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড সবমিলিয়ে ৮৬টি গোলে অবদান রেখেছেন। যদিও এবারের ইউরোতে সেভাবে সুযোগ পাননি মুলার। ইউরোয় বেঞ্চ থেকে নেমে খেলেছেন মাত্র দুই ম্যাচ।

দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মুলার। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসা (১৩৭)। মুলারের বিদায়ে জার্মান দলে তরুণ ফুটবলারদের সুযোগ মিলবে। যা তিনি নিজেও আগের ইঙ্গিতে জানিয়েছিলেন।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে। বায়ার্ন মিউনিখের সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!