ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিছিয়ে গেল টাইগারদের দুটি টেস্ট ম্যাচের সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ২৪ জুলাই ২০২৪
পিছিয়ে গেল টাইগারদের দুটি টেস্ট ম্যাচের সূচি
ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহ তিনেক আগেই। তবে এরপর এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের আর মাঠে নামা হয়নি। বেশ কয়েকদিন বিশ্রাম শেষে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে কয়েকজন ক্রিকেটার দেশের বাইরে আছেন। আর টেস্ট দলে থাকা ক্রিকেটাররা যুক্ত হয়েছেন চট্টগ্রামের ক্যাম্পে। সেখানে আগামীকাল (২৫ জুলাই) থেকে দুটি টেস্ট খেলবেন তারা।

পাকিস্তান সিরিজে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এইচপি এবং টাইগার্সের ক্রিকেটাররা দুটি টেস্ট ম্যাচ খেলবে। যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে দুই দিনের। আগামীকাল বৃহস্পতিবার থেকে ম্যাচটি মাঠে গড়াবে।

Advertisement

দুইদিন বিশ্রামের পর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। ম্যাচটি শুরু হবে ২৯ জুলাই থেকে। দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম।

দুটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে ম্যাচ দুটি শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে ২৪ জুলাই ও ২৮ জুলাই থেকে। কিন্তু দুটি টেস্টই একদিন করে পিছিয়ে গেল। ধারণা করা হচ্ছে এর নেপথ্য কারণ দেশব্যাপী অস্থির পরিস্থিতি।

প্রসঙ্গত, আগামী ২১ আগস্ট থেকে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ২১-২৪ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!