ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক

সন্ধ্যায় নামছে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ২৪ জুলাই ২০২৪
সন্ধ্যায় নামছে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

আগামী ২৬ জুলাই পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের। এবারের আসর গড়াবে ফ্রান্সের প্যারিসে। জমজমাট এই লড়াই শুরু হতে এখনো দু’দিন বাকি। এর আগেই অবশ্য ফুটবল ইভেন্টে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে স্পেন, আর্জেন্টিনা ও স্বাগতিক ফ্রান্স।

অলিম্পিকের নিয়মই হলো- উদ্বোধনের দু’দিন আগে দুটি ডিসিপ্লিনের গ্রুপ পর্বের লড়াই শুরু হয়। ডিসিপ্লিন দু’টি হচ্ছে ফুটবল এবং রাগবি সেভেন।

আকর্ষণীয় ইভেন্ট ফুটবলের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই মাঠে নামছে ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এছাড়া স্বাগতিক ফ্রান্সও মাঠে নামবে প্রথম দিন। স্পেন খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। ফ্রান্স মাঠে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

Advertisement

অলিম্পিক ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারেরাই খেলেন। সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। এ নিয়মে আর্জেন্টিনা দলে আলভারেজ, ওতামেন্দি এবং রুলি অলিম্পিক গেমসে খেলতে পারছেন। এবারের গেমসে সোনার দাবিদার মনে করা হচ্ছে আর্জেন্টিনাকেই। স্পেন এবং ফ্রান্সও জোর টক্কর দিতে পারে।

ফ্রান্সের অধিনায়ক আলেকজান্দ্রে ল্যাকাজেটে। তিনি আগে আর্সেনালের হয়ে খেলেছেন। এখন খেলেন নিজ দেশের ক্লাব অলিম্পিক লিওঁয়। ২০১৯ সালে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ন্যাবি কেইটা গিনিকে নেতৃত্ব দেবেন। ইউরো জয়ী লোপেজ এবং বায়েনা স্পেনের ভরসা। এছাড়া সেই দলে ২০১৭ সালে ভারতে হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী আবেল রুইজ এবং সার্জিও গোমেজ রয়েছেন। টোকিও অলিম্পিকে রুপা পেয়েছিল স্পেন।

আর্জেন্টিনা গুপে কঠিন লড়াই দিতে পারে মরক্কো। দলটির নেতা আশরাফ হাকিমি। যিনি বিশ্বকাপে খেলেছেন। দেশকে তুলেছিলেন সেমিফাইনালে। ইউক্রেনের হয়ে নজরে থাকেন ম্যাক্সিম তালোভেরভ।

মাঠের বাইরেও অনেকে থাকবেন, যাদের নিয়ে আলোচনা হতে বাধ্য। ফ্রান্সের কোচ হিসাবে থাকছেন থিয়েরি অঁরি, যিনি দেশটির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনার কোচ হ্যাভিয়ের মাচেরানো রয়েছেন। খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই সোনা জেতার হাতছানি রয়েছে তার সামনে।

ছেলেদের ফুটবল ম্যাচগুলি হবে প্যারিস, মার্সেই, লিওঁ, বোর্দো, সাঁ এতিয়েনে, নিস এবং নান্তেস শহরে। ৯ আগস্ট সোনার পদকের ম্যাচ হবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসে।

২০০৮ সালের পর অলিম্পিক ফুটবলে ফিরেছে আমেরিকা। উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ ঠিক করেছিল, ২০২২ সালের অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতা অলিম্পিকের যোগ্যতা অর্জন হিসাবে ধরা হবে। সেই প্রতিযোগিতা জিতে অলিম্পিকে খেলতে নামছে আমেরিকা।

১৯৭৬ সালের পর অলিম্পিকে ফিরছে ইজরায়েল। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের কারণে অনেকেই তাদের অংশগ্রহণের বিরোধিতা করেছেন; কিন্তু অলিম্পিকের আয়োজকেরা তাতে কর্ণপাত করেননি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!