অ্যার্চার মো. সাগর ইসলাম বৃহস্পতিবার প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে অনুষ্ঠিতব্য পুরুষ ব্যক্তিগত র্যাংকিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম বাধা অতিক্রম করতে পারলে সাগর আগামী ৩০ জুলাই খেলবেন।
বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
.png)
বাংলাদেশ আরচারি দলের কোচ জার্মানির মার্টিন ফ্রেডরিক এক বার্তায় বলেন, ‘তিন দিন যাবত আমরা এখানে (প্যারিস) আছি। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি।’
ভেন্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোচ বলেন, পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আর্চারি ভেন্যুটি খুবই সুন্দর এবং শহরের কেন্দ্রে অবস্থিত।
মার্টিন জানান, তিন দিন আগে সাগরের ঘাড়ে সমস্যা হয়েছিল এবং থেরাপি এখনও চলছে। সাগর অবশ্য আজকের আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নিয়েছে এবং সে খেলার জন্য প্রস্তুত।