ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মুহূর্তে অলিম্পিক থেকে ছিটকে গেলেন সিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ২৫ জুলাই ২০২৪
শেষ মুহূর্তে অলিম্পিক থেকে ছিটকে গেলেন সিনার
ফাইল ছবি

টনসিল সমস্যায় অসুস্থ হয়ে পড়ার কারণে প্যারিস অলিম্পিকের পুরুষ টেনিস ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান খেলোয়াড় ইয়ানিক সিনার।

অলিম্পিকে খেলতে না পারায় হতাশা প্রকাশ করে ২২ বছর বয়সী ইতালিয়ান সিনার এক বিবৃতিতে বলেছেন, ‘চিকিৎসকের সঙ্গে মঙ্গলবার কথা হয়েছে। তিনি আমাকে একদিন বেশি সময় দিয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্যবশত: সমস্যাটা আরো বেড়েছে।

অলিম্পিকে ইতালিয়ান দলের হয়ে কোর্টে নামতে চেয়েছিলাম। কিন্তু আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী এখন আমাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।

Advertisement

আমি অলিম্পিকে অংশ নেয়া পুরো ইতালিয়ান দলকে শুভকামনা জানাতে চাই। আশা করছি ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে গেমসে অংশ নিতে পারবো।’ সিনারের বিদায়ে ইতালির পদক প্রাপ্তির বড় আশা শেষ হয়ে গেল।

সিনার জানিয়েছেন এবারের মৌসুমে অলিম্পিকে খেলার লক্ষ্যস্থির করেছিলেন তিনি। একক ছাড়াও দ্বৈতে লরেঞ্জো মুসেত্তির সঙ্গে তার কোর্টে নামার কথা ছিল। এখন উইম্বলডন সেমিফাইনালিস্ট মুসেত্তি ডাবলসে লুসিয়ানো ডারডেরি অথবা মাত্তেও আরনালডিকে নিয়ে খেলতে নামবেন।

সিনারের স্থানে পুরুষ এককের ড্র’তে বিশ্বের ২০৬ নম্বর র‌্যাঙ্কধারী আন্দ্রে ভাভাসোরি খেলবেন। গত বছর নভেম্বরে এটিপি ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে রানার-আপ হবার পর নিজেকে দারুণভাবে সমৃদ্ধ করেন সিনার।

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করেন সিনার। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে খেলার পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেন তিনি।

এ বছর মিয়ামিতে মাস্টার্স ১০০০ শিরোপাসহ আরো তিনটি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন সিনার। কোমরের ইনজুরির কারণে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালের আগে নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপর রোমেও খেলতে পারেননি এ তারকা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!