ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে শুরুতেই ধাক্কা খেল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৭ জুলাই ২০২৪
অলিম্পিকে শুরুতেই ধাক্কা খেল ভারত
ফাইল ছবি

প্যারিস অলিম্পিক শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। দেশটির শুটিং বিভাগ শুরু করেছে ব্যর্থতা দিয়ে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের কোনো জুটিই পদকের লড়াইয়ে পৌঁছাতে পারেনি।

এদিন অর্জুন বাবুতা এবং রমিতা জিন্দলের জুটি প্রাথমিক ছ’নম্বরে থেকে রাউন্ড শেষ করে। সন্দীপ সিং এবং এলাভেনিল ভালারিভান জুটি শেষ করে দ্বাদশ স্থানে থেকে। অথচ এই ইভেন্টে বিশ্বরেকর্ড ভারতের দখলে।

স্বাভাবিকভাবেই ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্ট থেকে পদকের আশা ছিল। কিন্তু প্রাথমিক পর্বের কোনো সময়ই প্রথম চারে শেষ করার মতো জায়গায় পৌঁছাতে পারেনি ভারতের কোনো জুটি।

Advertisement

অর্জুন-রমিতা জুটি ৬২৮.৭ পয়েন্টে শেষ করেন। সন্দীপ-এলাভেনিল জুটি শেষ করে ৬২৬.৩ পয়েন্টে। প্রথম হয়েছে চিনের একটি জুটি। তাদের পয়েন্ট ৬৩২.২। দ্বিতীয় স্থানে শেষ করা দক্ষিণ কোরিয়ার জুটি ৬৩১.৪ পয়েন্ট তুলেছে।

এই দু’দল লড়াই করবে সোনার পদকের জন্য। তৃতীয় স্থানে শেষ করা কাজাখস্তান (৬৩০.৮ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে শেষ করা জার্মানির জুটি (৬২৯.৭ পয়েন্ট) লড়াই করবে ব্রোঞ্জ পদকের জন্য।

হতাশ হতে হয়েছে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও। ফাইনালে উঠতে পারেননি সরবজ্যোৎ সিংহ এবং অর্জুন সিং চিমাও। এই ইভেন্টে শুরুটা ভাল করেছিলেন অর্জুন। কিন্তু শেষ দিকে লক্ষ্যে অবিচল থাকতে পারেননি তিনি।

৬০০-র মধ্যে ৫৭৪ পয়েন্ট তুলে তিনি ১৮তম হন। আবার শুরুটা ভাল না হলেও শেষ দিকে ভাল লড়াই করেও ফাইনালে উঠতে পারেননি সরবজ্যোৎ। তিনি ৫৭৭ পয়েন্ট তুলে শেষ করেন নবম স্থানে থেকে।

অষ্টম স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নেয়া জার্মানির রবিন ওয়াল্টার ৫৭৭ পয়েন্টে থেকে শেষ করেন। তবে ওয়াল্টার ১৭টি বুলস আই হিট করেন। সরবজ্যোৎ ১৬টি বুলস আই হিট করায় ফাইনালের দৌড় থেকে ছিটকে যান।

পুরুষদের রোয়িং সিঙ্গলস স্কালসের হিটে চতুর্থ স্থানে শেষ করেন ভারতের বলরাজ পানওয়ার। ৭ মিনিট ৭.১১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। বলরাজের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। রোববার তিনি রেপেচেজ ইভেন্টে নামবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!