অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক গুলিয়ে ফেলেন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার নাম। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা জলযানে করে মূল মঞ্চের সামনে এলে তাদের ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া’র অ্যাথলিট বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এটা আসলে উত্তর কোরিয়ার সরকারি নাম। এই ঘটনায় ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) প্রতিবাদ জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে। ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন আইওসি কর্তৃপক্ষ।
.png)
দ্বিতীয় বিতর্কিত ঘটনাটি ঘটে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে অলিম্পিক পতাকা উত্তোলনের সময়। পতাকা ঠিকভাবে না দেখেই তুলে দেন ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃপক্ষ। উত্তোলনের সময় দেখা যায়, উল্টো ভাবে উঠছে অলিম্পিকের পতাকা।
উপরে নীল, কালো এবং লাল রিংয়ের বদলে রয়েছে হলুদ এবং সবুজ। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। লজ্জায় পড়েছেন প্যারিসের আয়োজকরা। এছাড়া বিতর্ক তৈরি হয়েছে মশাল জ্বালানোর একটি ভিডিওকে কেন্দ্র করেও।
উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে, ফ্রান্সের সাবেক অলিম্পিয়ানরাই মূল মশালে অগ্নি সংযোগ করেছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্যারিসের একটি গির্জা থেকে প্রযুক্তি ব্যবহার করে জ্বালানো হচ্ছে মশাল। যদিও এটি ভুয়া বলে দাবি করেছেন আয়োজকরা।