চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেছেন রোনাল্ড আরাউহো, গাভি, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি। অবশ্য বার্সেলোনার এই সফরে লামিনে ইয়ামালের না থাকাটা অস্বাভাবিক নয়। ১৬ বছর বয়সে গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন তিনি।
জাতীয় দলের হয়েও ইয়ামাল খেলেছেন ১৪টি ম্যাচ। এবারের ইউরোতে দারুণ পারফর্ম করে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন তিনি। তাই ব্যস্ত মৌসুম শেষে আপাতত ছুটি দেওয়া হয়েছে তাকে। আরেক তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেসও ছুটি পেয়েছেন।
.png)
এদিকে আগামী অক্টোবরের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই গাভির। আরাউহোকে মাঠের বাইরে থাকতে হবে পুরো বছর। ডি ইয়ং হয়তো ফিরবেন শিগগিরই। কয়েক সপ্তাহের মধ্যে ফাতি ও পেদ্রিও মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া এই সফরে দলে থাকছেন না পাউ কুবার্সি, ফারমিন লোপেস ও এরিক গার্সিয়া। স্পেনের হয়ে এখন অলিম্পিক ফুটবলে খেলছেন এই তিন ফুটবলার। সব মিলিয়ে এই দশ ফুটবলারকে ছাড়াই ৩১ জনের দল নিয়ে সফর শেষ করবেন কোচ হান্সি ফ্লিক।
এছাড়া রাফিনহা ও গুন্দোগান আলাদা করে দলের সঙ্গে যোগ দেবেন। এই দশ ফুটবলার না থাকায় বার্সেলোনার যুব দলের বেশ কয়েক জন সম্ভাবনাময় তরুণকে নিয়ে গেছেন কোচ হান্সি ফ্লিক।
এই সফরে আগামী মঙ্গলবার ওরল্যান্ডোতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর শনিবার নিউ জার্সিতে স্বদেশি ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা। ৬ আগস্ট বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।
আগামী ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার নতুন মৌসুমের লা লিগা মিশন।