ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বোলিং কোচ হচ্ছেন মরকেল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৯, ২৯ জুলাই ২০২৪
ভারতের বোলিং কোচ হচ্ছেন মরকেল!
ফাইল ছবি

ভারতের বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে ক্রিকবাজ।

সফল টি-২০ বিশ্বকাপ মিশন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তরুণদের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। এরপর ভারতীয় ক্রিকেট দল এখন শ্রীলংকার বিপক্ষে সাদা বলের সিরিজ নিয়ে ব্যস্ত।

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজে দলের ডাগআউটে নতুন কোচ গৌতম গম্ভীর। জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে নতুন করে কোচিং প্যানেল সাজাচ্ছেন তিনি।

Advertisement

শ্রীলংকা সফরে সহকারী কোচ হিসেবে তার সঙ্গে আছেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডেসকটে। বোলিং কোচের দায়িত্বে সাইরাজ আর ফিল্ডিং কোচের দায়িত্বে টি দিলিপ। বর্তমানে তারা অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন।

অবশ্য শ্রীলংকা সিরিজ শেষে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হবে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। দেশটির একাধিম সংবাদমাধ্যমের দাবি, নায়ার এবং টেন ডেসকটে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গী হবেন।

এছাড়া রাহুল দ্রাবিড়ের অধীনে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা টি দিলিপের সঙ্গেও চুক্তি বাড়ানো হবে। তবে সাইরাজের জায়গায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাবেন সাবেক প্রোটিয়া পেসার মরকেল।

মরকেলের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনি ভারতের কোচিং প্যানেলে যোগ দেবেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনো এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি।

৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-২০ খেলা মরকেলের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা ৫৪৪। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী এ পেসার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!