ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেসব উপাদানে তৈরি হয় অলিম্পিকের পদক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ১ আগস্ট ২০২৪
যেসব উপাদানে তৈরি হয় অলিম্পিকের পদক
প্যারিস অলিম্পিকের পদকসমূহ

১৯২৪ সালের পর ২০২৪। ঠিক ১০০ বছর পর আবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বসেছে অলিম্পিকের আসর। অন্য অলিম্পিকের মতো প্যারিসেও বিভিন্ন প্রতিযোগিতার জয়ীরা সোনা, রুপা এবং ব্রোঞ্জের পদক পাবেন। কিন্তু এই পদকগুলো আসলে কী দিয়ে তৈরি করা হয়? এবারের অলিম্পিকের পদকের বিশেষত্বই বা কী?

অলিম্পিকে স্বর্ণপদকজয়ীদের যে সোনার পদক দেওয়া হয়, তা আদতে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয় না। স্বর্ণপদকের বেশির ভাগ রুপা দিয়ে তৈরি। রুপার ওপরে সোনার সরু পাত দেওয়া হয় পদকে।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি থেকে এই পদকগুলোর নকশা এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন তৈরি করা হয়। তাদের নিয়মানুযায়ী, স্বর্ণপদকের বেশিরভাগ অংশ যে ধরনের রুপা দিয়ে তৈরি, তাতে বিশুদ্ধতার পরিমাণ অন্তত ৯২.৫ শতাংশ হতে হবে।

Advertisement

প্যারিস অলিম্পিকের স্বর্ণপদকরুপার উপর অন্তত ছ’গ্রাম ওজনের বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হয় স্বর্ণপদকটি। অলিম্পিকে যে রৌপ্যপদক দেওয়া হয়, তার পুরোটাই অবশ্য খাঁটি রুপা দিয়ে তৈরি। আর ব্রোঞ্জ পদকের অধিকাংশই তামা দিয়ে তৈরি। এছাড়া ব্রোঞ্জ পদক নির্মাণে লোহা এবং দস্তারও প্রয়োজন হয়।

ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী, প্যারিস অলিম্পিকে প্রতিযোগীদের যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

প্রতিটি অলিম্পিক গেমসের পদকের নকশা আলাদা হয়। প্যারিসও ব্যতিক্রম নয়। এছাড়াও এবারের অলিম্পিকের পদকে একটি বিশেষত্ব রয়েছে। প্যারিস অলিম্পিকে যে পদকগুলো প্রতিযোগীদের দেওয়া হচ্ছে, তার মধ্যে থাকছে ইতিহাসের ছোঁয়া।

তৈরি হচ্ছে প্যারিস অলিম্পিকের পদকবিশ্বের সেরা সৃষ্টিগুলির অন্যতম আইফেল টাওয়ার। বহু ইতিহাসের সাক্ষী প্যারিসের আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে এবারের অলিম্পিকের পদকে। যে লোহা দিয়ে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে, সেই লোহা দিয়েই তৈরি করা হয়েছে অলিম্পিকের প্রতিটি পদক।

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনো দেশ তাদের জাতীয় স্মৃতিস্তম্ভের অংশ ব্যবহার করছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি পদকে আইফেল টাওয়ারে ব্যবহৃত ১৮ গ্রাম লোহা থাকছে।

পদকের গোল চাকতির মাঝে থাকছে একটি ষড়ভুজাকৃতি অংশ। পদকের মাঝের ওই অংশে ব্যবহৃত হয়েছে ওই লোহা। ফ্রান্সের একটি অলঙ্কার নির্মাণ সংস্থা এবার প্যারিস অলিম্পিকের পদক তৈরি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!