ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নানা সমীকরণ শেষে যেভাবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ১ আগস্ট ২০২৪
নানা সমীকরণ শেষে যেভাবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
ছবি: সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিকের নারী ফুটবল ইভেন্টে স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল মেজর টুর্নামেন্টে ব্রাজিলের অধিনায়ক মার্তার সম্ভাব্য শেষ ম্যাচ। এ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর কান্না ধরে রাখতে পারেননি সেলেসাওদের সর্বকালের শীর্ষ গোলদাতা।

মার্তার কান্নার দিনে বোর্দোতে স্পেনের কাছে ২-০ গোলে গ্রুপের শেষ ম্যাচটি হেরেছে ব্রাজিল। যে হার ব্রাজিলকে প্যারিস অলিম্পিক থেকে বিদায়ের শঙ্কায় ফেলে দিয়েছিল। গ্রুপ পর্ব টপকানোর চ্যালেঞ্জে কঠিন পর্যায়েই পড়েছিল তারা।

‘সি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ‘এ’ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়েছিল মার্তাদের দল। নিউজিল্যান্ড বিশাল ব্যবধানে জিতলেই কেবল কপাল পুড়তো ব্রাজিলের।

Advertisement

তবে স্বাগতিক ফ্রান্সকে সমীকরণ মিলিয়ে হারিয়ে কোয়ার্টার ওঠাতো দূরের কথা, নিউজিল্যান্ডই হেরে গেছে ম্যাচে। ২-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স। স্বাগতিকদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল।

তৃতীয় হওয়া ৩ দলের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। কিন্তু ৩ পয়েন্ট থাকার পরও গোলগড়ে ব্রাজিলের (-২) চেয়ে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (-৩)।

প্রতিযোগিতায় ব্রাজিল টিকে থাকায় দলের কিংবদন্তি মার্তার আবার মাঠে নামার সম্ভাবনাও টিকে রইলো। ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারলে মার্তা মাঠে নামতে পারবেন। লাল কার্ডে সাসপেনশনে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে তাকে থাকতে হবে দর্শক হয়ে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!