ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে পদকের লড়াইয়ে নামছেন বিল গেটসের জামাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ২ আগস্ট ২০২৪
অলিম্পিকে পদকের লড়াইয়ে নামছেন বিল গেটসের জামাতা
ছবি: সংগৃহীত

বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস। দুজনই নিজ কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিত। তবে তাদের সন্তান কিংবা জামাতাদের পরিচয় সেভাবে সামনে আসে না। অবশ্য এবার আলোচনায় এসেছে বিল গেটসের জামাতার নাম।

বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটসের স্বামী আগে থেকেই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছেন। এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেননি নায়েল নাসার। তবে চলমান প্যারিস অলিম্পিকেও ইকুয়েস্ট্রিয়ান ডিসিপ্লিনে খেলবেন এই মিশরীয় অ্যাথলেট।

আগামী ৫ আগস্ট এই অলিম্পিকে নিজের ঘোড়া নিয়ে নামার কথা রয়েছে নাসারের। এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসেও তিনি মিশরের প্রতিনিধিত্ব করেছিলেন। সেবার তিনি ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই লড়াই করেছিলেন।

Advertisement

সেবার সেভাবে সাড়া ফেলতে পারেনি তার পারফরম্যান্স। দলগত বিভাগে তিনি শেষ করেছিলেন ১৬তম অবস্থানে থেকে। আর ব্যক্তিগত বিভাগে হয়েছিলেন ২৪তম। তবে প্যারিসে প্রথম কোনো পদক জেতার আশায় নামবেন নাসার।

এ কারণে মেলিন্ডা গেটসের শুভকামনাও পেয়েছেন বড় মেয়ের জামাই। নাসারের ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রামে মেলিন্ডা লিখেছেন, ‘অলিম্পিকে তোমার প্রতিযোগিতা দেখার জন্য আমি রোমাঞ্চিত। এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার-নাসার। এরপর ২০২৩ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ২০২৪ সালে তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন। তবে এ সময়ে নায়েল নাসার পুরো মনোযোগ অলিম্পিকেই রাখছেন।

মিশরীয় প্রকৌশলী বাবা-মার ঘরে তার আগমন (জন্ম) শিকাগোতে। পরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পর জেনিফারকে বিয়ে করেন নাসার। ছোট থেকেই মিশরের হয়ে তিনি খেলা শুরু করেন। নাসারদের হাত ধরেই ইকুয়েস্ট্রিয়ান খেলাটি দেশটিতে জনপ্রিয় হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!