ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের টানা পঞ্চম সোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪, ১১ আগস্ট ২০২৪
ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের টানা পঞ্চম সোনা
ফাইল ছবি

ম্যাচটিকে আখ্যা দেয়া হচ্ছিল ফ্রান্সের বাস্কেটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে। ঘরের মাঠে অলিম্পিকের ফাইনাল বলে কথা! যেখানে সোনার লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিলো বাস্কেটবলের ইতিহাসে সেরা দল যুক্তরাষ্ট্র।

ফাইনালে বড় একটা সময় এগিয়ে থেকে সোনার স্বপ্ন দেখা ফ্রান্সকে শেষ পর্যন্ত হতাশায় ডুবিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারিসের বের্সি অ্যারেনায় ফরাসিদের কাঁদিয়ে টানা পঞ্চমবারের মতো অলিম্পিকের বাস্কেটবলে সোনা জিতছে স্টিফেন কারির দল।

ম্যাচটা ৯৮-৮৭ ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র। অথচ এদিন দীর্ঘ সময় এগিয়ে ছিল ফ্রান্স। মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্যে ছেদ পড়তে চলেছে। কিন্তু স্টিফেন কারির এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একাই ২৪ পয়েন্ট এনে দেন তিনি।

Advertisement

সেই সঙ্গে কিংবদন্তি লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টে এনে দিয়েছেন ১৪ পয়েন্ট। এটি জেমসের ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিক সোনা। অন্যদিকে আরেক মার্কিন তারকা কেভিন ডুরান্ট চতুর্থবারের মতো সোনা জিতে রেকর্ড গড়েছেন।

প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে চারটি সোনা জিতেছেন ডুরান্ট। স্বাগতিক ফ্রান্সের দিনটা মোটেই ভালো কাটেনি। এর আগের দিন ফুটবল ইভেন্টেও হতাশ হতে হয়েছে তাদের। যেখানে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!