ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টাইন তারকার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৮, ১৯ আগস্ট ২০২৪
আর্জেন্টাইন তারকার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন
ফাইল ছবি

রিয়াল মাদ্রিদে অ্যাঞ্জেল ডি মারিয়ার পর আর সেভাবে কোনো আর্জেন্টাইন খেলোয়াড়কে দেখা যায়নি। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এদার মিলিতাওরা রিয়ালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন। যা দেখে অনেক আর্জেন্টাইন সমর্থক একটু মন খারাপ করতেও পারেন।

নিকট ভবিষ্যতে এই শূন্যতা দূর করার আশা জাগাচ্ছিলেন নিকো পাজ। রিয়ালের মূল দলের জার্সিতে অভিষেকের পর দলে জায়গা করে নেয়ার লড়াইয়ে ছিলেন তিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল দলে তার অভিষেক হয়। তবে ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে পাজের।

১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে আগামী প্রজন্মের সেরা প্রতিভাদের একজন হিসেবেই ধরা হচ্ছে। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ আগামীতে দলের হাল ধরবেন এমনটাই ভাবা হচ্ছিল।

Advertisement

তবে এই গ্রীষ্মে দলবদলের গুঞ্জন উঠেছে নিকো পাজের। তাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে চলতি মৌসুমে সিরি আ'য় প্রমোশন পাওয়া কোমো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদে নিজের সময় শেষ বলে মনে করেন নিকো পাজ।

রিয়ালের যুবদল কাস্তিয়ায় তার আর শেখার মতো কিছু নেই। তাই নতুন কোন ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় খেলে নিজের ক্যারিয়ারকে পরের ধাপে নেয়ার কথা ভাবছেন তিনি। আর এই সুযোগটাই নিতে চায় কোমো।

সিরি আ'য় নবাগত ক্লাবটির কোচের ভূমিকায় আছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস। তিনি পাজকে দলে ভেড়াতে আগ্রহী। তবে কোমোই একমাত্র ক্লাব নয় যারা এই তরুণ প্রতিভাকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামছে।

স্পেনের দুই ক্লাব আলাভেস ও গত মৌসুমে চমক দেখানো জিরোনাও পাজকে দলে নিতে আগ্রহী। ১৯ বছর বয়সী প্রতিভাকে ছাড়তে আগ্রহী রিয়াল মাদ্রিদও। তারকায় ঠাঁসা দলটি অবশ্য একেবারেই ছেড়ে দিতে চায় না পাজকে।

তারা বরং 'বাই ব্যাক' অপশন রেখে তাকে বিক্রি করতে চায়, যেন ভবিষ্যতে এই প্রতিভাকে চাইলেই আবার দলে ভেড়ানোর সুযোগ থাকে। এর আগে ২০১৬ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন নিকো পাজ।

আর্জেন্টিনার পাশাপাশি স্পেনের নাগরিকত্ব থাকলেও তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়েই খেলতে চান পাজ। ২০২৩ সালে রিয়ালের মূল দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন একটি গোলও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!