সর্বশেষ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি স্টিভেন স্মিথ। তবে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে কদর কমেনি তার। সম্প্রতি স্মিথের নেতৃত্বেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) চ্যাম্পিয়ন হয়েছে ওয়াশিংটন ফ্রিডম।
মঙ্গলবার (২০ আগস্ট) বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্স স্মিথের সঙ্গে ৩ বছরের চুক্তি নবায়ন করেছে। সিডনি সিক্সার্সের সঙ্গে নতুন চুক্তির পর স্মিথ বলেছেন, ‘আমি আরো ৪ বছর টি-২০ ক্রিকেট খেলতে পারি। তাই কী হয় তা কেউ বলতে পারে না।
.png)
এটা এমন একটি সংস্করণ, যেখানে আমি অন্যদের চেয়ে অনেক বেশি সময় ধরে খেলতে পারবো বলে মনে করি। বিশেষ করে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে। আমি এখানে (বিগ ব্যাশে) ৩ বছরের জন্য চুক্তি করেছি। অলিম্পিকের অংশ হতে পারলে দারুণ হবে।’
এর আগে ১৯৯০ সালে একবারই অলিম্পিকে ক্রিকেট হয়েছিল। অংশ নিয়েছিল মাত্র দুটি দেশ। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ, একটি করে টি-২০ বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা স্মিথ বলেন, ‘অবসরের কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে খেলা উপভোগ করছি, বেশ স্বস্তিতে আছি এবং এবারের মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন ডেভিড ওয়ার্নার। তারপর থেকে ওপেনারের ভূমিকায় দেখা যাচ্ছে স্মিথকে। তবে নতুন পজিশনে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৮ ইনিংসে করেছেন ১৭১ রান, ব্যাটিং গড় ২৮.৫০।