রুটের সেঞ্চুরির দিনে এগিয়ে ইংল্যান্ড
লর্ডসে দ্বিতীয় টেস্টে শ্রীলংকার মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিছুটা বিপদে পড়েছিল স্বাগতিকরা। তবে দিন শেষে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন জো রুট।
প্রথম দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৮ রান। টেস্টে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রুট। মূলত তার ব্যাটে ভর করেই দিন শেষে এগিয়ে স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে আসিথা ফার্নান্দো ও মিলন রথনায়েকের বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংসের সপ্তম ওভারে ড্যান লরেন্সকে তুলে নেন ফার্নান্দো। এরপর দলীয় ৪২ রানে অধিনায়ক অলি পোপকেও আউট করেন এই পেসার।
এরপর অবশ্য রুটকে নিয়ে ছোট এক জুটি গড়েন ওপেনিংয়ে নামা বেন ডাকেট। তবে ব্যক্তিগত ৪০ রানে প্রবাথ জয়সুরিয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর একপ্রান্তে খেলে যেতে থাকেন রুট।
ব্রুক, স্মিথের সঙ্গে ছোট ছোট জুটিতে রুট করেন ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। তাতেই ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেন এই ইংলিশ ব্যাটসম্যান। তিনি ছুঁয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের রেকর্ড।
রুট অবশ্য দিন শেষে অপরাজিত থাকতে পারেননি। মিলন রথনায়েকের বলে আউট হয়ে ২০৬ বলে ১৪৩ রানে ফেরেন তিনি। এরপরই দিনের খেলা সমাপ্তি হয়। গাস অ্যাটকিনসন আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত আছেন ৭৪ রানে।
রুটের সঙ্গে ৯২ রানের জুটি করেন অ্যাটকিনসন। শ্রীলংকার পক্ষে দুটি করে উইকেট নেন আসিতা ফার্নান্ডো, মিলন রত্নানায়েকে ও লাহিরু কুমারা।