ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে আবহাওয়ার পূর্বাভাস যেমন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫০, ২ সেপ্টেম্বর ২০২৪
রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে আবহাওয়ার পূর্বাভাস যেমন
ফাইল ছবি

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। টেস্ট ফরম্যাটে কখনো পাকিস্তানকে হারাতে না পারা বাংলাদেশ এখন দেখছে স্বাগতিকদের ধবলধোলাইয়ের স্বপ্ন। যদিও সে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে বৃষ্টি।

বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা ভেস্তে যাওয়ার আগে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। সাদমান ইসলাম ও জাকির হাসানের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৪২ রান।

পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়তে আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম দিনে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। উইকেট অক্ষত আছে সবকটি। অবশ্য বৃষ্টিতে পঞ্চম দিন ভেস্তে গেলে সেই আশা আর পূরণ হবে না টাইগারদের।

Advertisement

এ অবস্থায় বেশ চাপে আছে পাকিস্তান। ম্যাচ হারের চেয়ে বৃষ্টিতে ড্র হয়তো বেশি পছন্দ করবে তারা। এ অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, আগামীকাল কেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া?

বেরসিক বৃষ্টির জোরাল সম্ভাবনা নিয়েই টেস্ট শুরু হয়েছিল রাওয়ালপিন্ডিতে। আভাস সত্যি করে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে গড়ায়নি কোনো বল। মাঝে আবহাওয়া খেলার অনুকূলে থাকলেও চতুর্থ দিন বিকেলে বৃষ্টির বাগড়ায় শেষ সেশন প্রায় পুরোটাই পরিত্যক্ত হয়। 

আগামীকাল আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে সবার জল্পনা চলছে। একুওয়েদার বলছে, মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। এ ছাড়া তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস আরো বলছে, খেলা শুরুর সময় তথা স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর কিছু সময় বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া বৃষ্টির মাঝে রোদের ঝলকানিও দেখা যেতে পারে।

কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ থাকলেই জয়ের নোঙরে পা ফেলতে পারে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সমর্থকদেরও আশা তেমনটাই। 

এর আগে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। বিশেষ করে জাকির হাসান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাতে এখনও পর্যন্ত সফল এই ওপেনার।

ইনিংসের বয়স ৭ ওভার, এরই মধ্যে জাকিরের ব্যাট থেকে এসেছে ২ চার আর ২ ছক্কা। সবমিলিয়ে তিনি এদিন ব্যাটিং করেছেন ১৩৪ স্ট্রাইকরেটে। অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাদমান। তিনি দেখে-শুনে টেস্ট মেজাজেই ব্যাটিং করেছেন।

দুই ওপেনারের দৃঢ়তায় জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। টাইগারদের এমন উড়ন্ত শুরুতে বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা।

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘনকালো মেঘ, জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ চলার উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দেন।

কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। তখনই দিনের খেলা প্রায় ঘণ্টা দেড়েক বাকি ছিল। তবে ভারী বৃষ্টি হওয়ায় আউট ফিল্ডে পানি জমে। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে আরো বেশ কিছু সময় লাগবে, এ কারণে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা।
 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!