ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনবদ্য অর্জনে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে হাসান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৩, ২ সেপ্টেম্বর ২০২৪
অনবদ্য অর্জনে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে হাসান
হাসান মাহমুদ

লড়াইটা চলছিল হাসান মাহমুদ ও নাহিদ রানার মধ্যে। ক্যারিয়ারের প্রথম ফাইফারের স্বাদ পেতে দুজনেরই দরকার ছিল একটি করে উইকেট। কিন্তু পাকিস্তানের তখন শেষ উইকেট বাকি। ফলে অর্জনটা যেকোনো একজনের-ই হতো।

এই লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হলেন হাসান। আর তাতেই পাকিস্তানের বিপক্ষে অনন্য কীর্তিতে নাম লেখালেন এ পেসার।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে গুটিয়ে যাওয়ার নেপথ্যে ছিলেন দুই টাইগার পেসার নাহিদ ও হাসান। নাহিদ ৪ আর হাসান তুলে নেন ৫ উইকেট। দুজনেরই এটি আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ।

Advertisement

এই ম্যাচে প্রথমবার ফাইফারের দেখা পেয়েছেন হাসান। বাংলাদেশি পেসারদের মধ্যে কেউ-ই এর আগে পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি অর্জন করতে পারেননি। এমন অর্জনের পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখেছেন এ পেসার।

অবশ্য দলটির বিপক্ষে স্পিনারদের ৬ বার এমন কীর্তি আছে। এর মধ্যে মোহাম্মদ রফিক ও তাইজুল ইসলাম দুবার করে আর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ একবার করে ফাইফারের দেখা পেয়েছেন।

টেস্টে না হলেও অবশ্য ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেয়ার কীর্তি রয়েছে টাইগার পেসারের। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।

এদিকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টেও আধিপত্য চলছে টাইগারদের। প্রথম ম্যাচ ১০ উইকেটে জেতা লাল সবুজের প্রতিনিধিদের দ্বিতীয় টেস্ট জিততে শেষ দিনে দরকার ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট।
 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!