ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভুটানে আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৩ সেপ্টেম্বর ২০২৪
ভুটানে আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে শুক্রবার দুপুরে দেশটিতে পৌঁছান ফুটবলাররা। ভুটানের থিম্পুতে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রতিপক্ষের চিন্তায় থাকে উচ্চতা। যার সঙ্গে মানিয়ে নিতে পৌঁছানোর পরদিন হাইকিং করেন বাংলাদেশি ফুটবলাররা। 

এরপর রোববার প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেন তারা। পৌঁছানোর দুই দিন পরেও বাংলাদেশ দল উচ্চতার কারণে শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা নিয়ে চিন্তিত থাকেন সফরকারী ফুটবলাররা। বাংলাদেশ ফুটবলাররা সেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বলেন, আজ প্রথম অনুশীলন করলাম। মাঠ অনেক গতিময়। সবার শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আরো এক-দুই দিন সময় লাগবে।

Advertisement

ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রোববার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিষয়ে জামাল বলেন, ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে (সতর্ক থাকতে হবে)।

দীর্ঘ তিন মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। ডিফেন্ডার রহমত মিয়া তাই চিন্তিতও। তিনি বলেন, তিন মাস বিরতি দিয়ে আমরা জাতীয় দলে যোগ দিয়েছি, যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়, সবাই চেষ্টা করছি এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যেহেতু আর্টিফিশিয়াল টার্ফে খেলা, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, ফলে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে এই টার্ফের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে আমরা ভালো করতে পারি, কোচিং স্টাফরা সেটা নিয়ে কাজ করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!