রোনালদোকে ৯০০ গোলের সম্মাননা, আল নাসরের ড্র
আল আহলির বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি সম্মান প্রদর্শন করেছে তার ক্লাব আল নাসর। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করায় তাকে সম্মান জানানো হয়।
সৌদি প্রো লিগের খেলার আগে শুক্রবার ৩৯ বর্ষী মহাতারকাকে আল নাসর ‘৯০০’ লেখা একটি জার্সি উপহার দেয়। জার্সি ধরে হাসি মুখে রোনালদো ক্যামেরাম্যানদের সামনে পোজ দেন। জার্সির উপরে লেখা ছিল গোট (GOAT) এবং গ্যালারির স্ট্যান্ডগুলোতে ৯০০ গোল লেখা বিশাল আকারের টিফো নিয়ে সমর্থকরা গ্যালারিতে উদযাপন করতে থাকেন।
রোনালদোকে সম্মাননা প্রদানের রাতে অল্পের জন্য হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। কিং সৌদ বিশ্ববিদ্যালয় আল আউয়াল পার্ক মাঠে ম্যাচের ৫৭ মিনিটে ফ্রাংক কেসির গোলে লিড পায় আল আহলি। যোগ করা সময়ের নবম মিনিটে মোহাম্মদ আল হুরাইজির আত্মঘাতী গোলে পরাজয়ের মুখ দেখেনি সিআর সেভেনের দল।
.png)
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ৩৪তম মিনিটে নুনো মেন্দেসের পাস থেকে বল জালে জড়িয়ে তিনি এই কীর্তি গড়েন। পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত আর কোনো ফুটবলার ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি।