ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পরের টেস্টে ভালো করবে ব্যাটাররা: শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৪
পরের টেস্টে ভালো করবে ব্যাটাররা: শান্ত
নাজমুল হোসেন শান্ত

যেকোনো দলের জন্যই ভারতের মাটিতে টেস্টে ভারতকে হারানো কঠিন ব্যাপার। বাংলাদেশের জন্য যা স্বপ্নের মতো। বাস্তবতার সঙ্গে মিল রেখে স্বাগতিকদের কাছে রেকর্ড ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী টাইগাররা।

২৮০ রানের বড় ব্যবধানে হারের পরও চেন্নাই টেস্ট থেকে ইতিবাচক কিছু দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের টেস্টের ভেন্যু কানপুর। যেখানে ব্যাটাররা ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নতুন বল হাতে নিয়ে বিশ্বসেরা ভারতের টপ-অর্ডারকে কাপিয়ে দেন তরুণ সেনসেশন হাসান মাহমুদ। ৩৪ রানে ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। শান্ত জানান, দুই ইনিংসেই পেসাররা ভালো করেছে।

Advertisement

পরবর্তীতে হাসানের সঙ্গে উইকেট শিকারে মাতেন আরেক পেসার নাহিদ রানা ও স্পিনার মেহেদী হাসান মিরাজ। একপর্যায়ে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। কিন্তু সেখান থেকেই পাল্টা লড়াই করেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়েন অশ্বিন-জাদেজা। এতে বাংলাদেশকে লড়াই থেকে ছিটকে দেন তারা। দুজনের লড়াকু ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ভারত পায় ৩৭৬ রান। 

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। ফলো-অন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

ম্যাচ জয়ের জন্য ৫১৫ রানের টার্গেটে চতুর্থ দিনের প্রথম সেশনে ২৩৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। প্রথম টেস্টে লড়াই করতে না পারলেও, এ ম্যাচ থেকে বোলারদের পারফরমেন্সে খুশি হয়েছে শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘ইতিবাচক দিক হলো প্রথম দুই-তিন ঘণ্টা তাসকিন-হাসান দারুণ বল করেছে। পেস বোলিংয়ে আমাদের যে বিকল্প আছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক। আমাদের এটা অব্যাহত রাখতে হবে।’

দুই ইনিংস মিলিয়ে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ৮২ রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছেন তিনি।

নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ যতক্ষণ পেরেছি ব্যাট করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পেরেছি।’

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ওই টেস্টে ব্যাটাররা ভালো করবে বলে বিশ্বাস করেন শান্ত, ‘কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। এবার বোলাররা ভালো করেছে, আশা করছি ব্যাটাররাও ভালো করবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!