ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন
অঘোর মন্ডল

কিডনি জনিত জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল (৫৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার (২৫ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিন দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত অঘোর মন্ডলের গত মাসের শুরুতে কিডনি জটিলতায় ভুগছিলেন। ক্রিটিনিয়েন স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে গেলেও ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণে এসেছিল। কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে। 

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অতি পরিচিত মুখ অঘোর মন্ডল নব্বইয়ের দশকে ভোরের কাগজে ছিলেন। পরে তিনি চ্যানেল আই, দীপ্ত ও এটিএন নিউজে কাজ করেছেন। বর্তমানে এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। 

Advertisement

গত ২৭ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে অঘোর মন্ডল লিখেছিলেন, ‘গত একমাস রাজধানীর বড় বড় প্রায় সবগুলো হাসপাতালের বেড আমার চেনা পরিচিত। প্রতিদিন রক্ত পরীক্ষা, ইনজেকশন, ডায়ালাইসিস আর মুঠো মুঠো ওষুধ এর মধ্যে দিয়ে কেটে যাচ্ছে আমার চব্বিশ ঘন্টা! মিস করছি আমার অফিস এবং কলিগদের। এ অবস্থার মধ্যে আনন্দবাজার পত্রিকার জন্য একটা লেখা দিতে হলো কাল রাতে।’

অঘোর মন্ডলের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতিবৃন্দসহ, সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের সকলে শোক তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!