ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে রিয়াল তারকাদের আধিক্য
ফুটবল বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। দলটিতে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তারকাদের আধিক্য। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডের মিলিতাও এবং এন্ড্রিককে রেখেছেন কোচ ডরিভাল জুনিয়র।
লিগামেন্টের চোট থেকে এখনো সেরে না ওঠায় সেলেসাও তারকা নেইমার জুনিয়রের জন্য বেড়েই চলেছে অপেক্ষা। দলে তার থাকা কতটা গুরুত্বপূর্ণ, সেটি স্পষ্টভাবেই ডরিভাল জুনিয়র বলেছেন।
আমরা বুঝতে পারছি সে খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ। সামনের বছরগুলোতে সে ফিরে এলে আমরা বিশ্ব ফুটবলের একজন মহান খেলোয়াড়কে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাবো। জাতীয় দলের জন্য উপভোগ করতে পারবো। আমরা অপেক্ষা করব, ধৈর্য ধারণের ক্ষমতা আছে।
.png)
পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থা মোটেও সুবিধাজনক অবস্থায় নেই। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলটি হতাশাজনক পারফরম্যান্সের জন্য প্রচুর সমালোচনার সম্মুখীন হচ্ছে। লাতিন অঞ্চলের দশ দলের বাছাইপর্ব শেষে ছয় দল সরাসরই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে।
আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। পরের ম্যাচে ডরিভাল জুনিয়রের শিষ্যরা পেরুর মুখোমুখি হবে। খেলাটি ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডেরসন।
ডিফেন্ডার: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহার্মে আরানা, ব্রেমার, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মারকুইনহোস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গেরসন, রদ্রিগো, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর জেসুস, লুইজ হেনরিক, রাফিনহা, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।