এদিকে এই সিরিজ দিয়েই টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। কিন্তু দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলার ব্যাপারে এখনো উদাসীন বিসিবি। সিদ্ধান্তের ভার চাপিয়ে দিলেন সরকারের ওপর।
দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারিত ছিলো আগে থেকেই। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। তবে প্রোটিয়াদের বাংলাদেশ সফরে আসায় বিপত্তি বাধে নিরাপত্তা শঙ্কায়। তবে অবশেষে সব শঙ্কা কেটে গেছে।
.png)
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে সরে গেছে নারী টি-২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাও বেঁকে বসেছিল সফরে আসতে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠায় প্রতিনিধি দলও। নিরাপত্তা মহড়া দেখিয়ে প্রোটিয়াদের মন জয় করে বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শারিয়ার নাফিস বলেন, 'তাদের চাওয়া ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা চেয়েছিল। তাদের চাহিদাগুলো নিয়ে সচেতন ছিলাম। আন্তঃবিভাগীয় সমন্বয় ভালো হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি আমাদের যথেষ্টা সহযোগিতা করেছে। আমরা তাদের চাহিদাগুলো পূরণ করতে পেরেছি এবং তারা পুরোপুরি সন্তুষ্ট। বাংলাদেশে সিরিজটা হতে কোন বাধা নেই।'
বাংলাদেশের বিপক্ষে শুধু দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এর মাঝে মিরপুরে প্রথম ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে, বোর্ড সভাপতি সরকারের ওপর সিদ্বান্তের ভার দিলেও সেখানে থেকে আসেনি ইতিবাচক বার্তা।
বিষয়টা এখনো এড়িয়ে যাচ্ছেন বিসিবি কর্তারা। নাফিস বলেন, 'আমরা একদম যদি কোনো হিসাব ছাড়া চিন্তা করি, প্রত্যেক খেলোয়াড় মাঠ থেকে বিদায় নিতে চায়। এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের অবস্থাটা স্বাভাবিক না। ব্যাপারটা সর্বোচ্চ নীতিনির্ধারক মহলে আলোচিত হচ্ছে।
আমরা সাধারণ দর্শক হিসেবে বলি বা সাধারণ মানুষ হিসেবে বলি- ব্যাপারটা যেহেতু ঐ পর্যায়ে চলে গেছে, ঐ পর্যায় থেকে মীমাংসা হলে ভালো হয়। আমাদের অবস্থান থেকে চিন্তা করা বা মন্তব্য করা ঠিক হবে না।'
তিনি আরো বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিবেচিত বিষয়। মাননীয় ক্রীড়া উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন। মাননীয় বোর্ড সভাপতি এ ব্যাপারে কথা বলেছে। তো ব্যাপারটা ঐ পর্যায়ে আছে।
এই পরিস্থিতিতে এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। পাশাপাশি কোনো কিছু বলার অবস্থানেও নেই। যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে, এটা উচ্চ পর্যায়েই বিবেচিত হচ্ছে।'
একদিকে সাকিবের অবসর, অন্যদিকে ক্রিকেটে ফেরার গুঞ্জন তামিম ইকবালের। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জের কাছে এ ব্যাপারে এখনো আসেনি কোনো বার্তা।
দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। আর চট্টগ্রামে ২য় টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর থেকে।