আজ বুধবার (০২ অক্টোবর) প্রথম সেমিফাইনাল ও বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।
.png)
এ পর্বে সেলেসাওরা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
কোয়ার্টারে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আজ ফাইনাল নিশ্চিতের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২-১ গোলে এবং সবশেষ তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখে আর্জেন্টিনা।
রাউন্ড অব সিক্সটিনে আলবিসেলেস্তেরা প্রতিপক্ষ হিসেবে পায় ক্রোয়েশিয়াকে। শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।
সেমিতে ওঠার লড়াইয়ে কাজাকিস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। বৃহস্পতিবার তারা ফ্রান্সের মুখোমুখি হবে। এই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয়লাভ করলে ফুটসাল বিশ্বকাপের ফাইনাল রূপ নিবে ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (০৬ অক্টোবর)।
প্রসঙ্গত, ব্রাজিল টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন। যদিও তারা ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি। সে হিসেবে এক যুগ হয়ে গিয়েছে তাদের শিরোপা খরার। তাই এবার সেই শিরোপা খরা কাটাতে চাচ্ছে তারা।
অন্যদিকে আর্জেন্টিনা টুর্নামেন্টটির একটি শিরোপা ঘরে তুলেছে। তাও সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সবশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা শিরোপা জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে।