ইতিহাসে প্রথমবার সেরা ৫ অলরাউন্ডারের দুজন বাংলাদেশি
আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে হালনাগাদে বাংলাদেশের জন্য রয়েছে সুখবর। অলরাউন্ডারদের তালিকার সেরা পাঁচে প্রথমবারের মতো ফরম্যাটটিতে একইসঙ্গে স্থান পেয়েছেন দুই টাইগার ক্রিকেটার। আগের তৃতীয় স্থান অক্ষত রেখেছেন সাকিব আল হাসান। দুই ধাপ এগিয়ে পঞ্চম অবস্থানে এখন মেহেদী হাসান মিরাজ।
বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে হালনাগাদের পর দেখা গেছে, ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব তিনে আছেন। প্রথমবার সেরা পাঁচে আসা মিরাজ ক্যারিয়ার সেরা ২৭২ রেটিং পয়েন্ট পেয়েছেন। কানপুর টেস্টে প্রথম সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হক ব্যাটিং র্যাংকিংয়ে ১৬ ধাপ লাফিয়ে ৫৫১ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে উঠেছেন মুমিনুল।
ভারতের বিপক্ষে ব্যাট হাতে মিরাজ ৬৪ রানের বেশি না করলেও বোলিংয়ে পান ৯ উইকেট। বল হাতে ভালো পারফর্ম করায় বোলিং র্যাংকিংয়েও তার হয়েছে উন্নতি। চার ধাপ উপরে উঠে তিনি ১৮ নম্বরে অবস্থান করছেন। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই শীর্ষে। ব্যাটিংয়ে ছন্দে না থাকা সাকিব ৬৬ রানের বেশি তুলতে না পারলেও বোলিংয়ে পান ৪ উইকেট। এটি তাকে পাঁচ ধাপ এগিয়ে ২৮ নম্বরে নিয়ে গেছে।
.png)
এক ধাপ পিছিয়ে ২০ নম্বরে স্পিনার তাইজুল ইসলাম, তিন ধাপ নিচে নেমে ৪৭ নম্বরে নেমেছেন হাসান মাহমুদ।