ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের শূন্যতা পূরণের দায়িত্ব মিরাজের কাঁধে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪
সাকিবের শূন্যতা পূরণের দায়িত্ব মিরাজের কাঁধে
মেহেদী হাসান মিরাজ

কিছুদিন আগেই টি-২০ ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তার উত্তরসূরি হিসেবে অনেক আগে থেকেই মেহেদী হাসান মিরাজকে ভাবতেন ক্রিকেটভক্তরা। এবার মিরাজের সুযোগ এসেছে সাকিবের শূন্যস্থান পূরণ করা।

সাকিবের জায়গা পূরণ করতেই মিরাজকে ভারতের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে নেয়া হয়েছে। যা রোববার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু।

লিপু বলেন, ‘মিডল অর্ডারে গ্রেট সাকিব আল হাসান ঘোষণা দিয়েছে সে তার শেষ টি-২০ ম্যাচটি খেলে ফেলেছে। সেখানে তার যে অভিজ্ঞতা, পারফরম্যান্স তার কাছাকাছি বিকল্প আসলে এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদী মিরাজ। সে ওই জায়গাটা নেবে। বিশেষ করে তাকে আমরা ভাবছি ব্যাটিংয়ে সে সবচেয়ে বড় অবদান দলে রাখতে পারবে এবং সে ভালো অফ স্পিন করে।’

Advertisement

দীর্ঘ ১৪ মাস পর বাংলাদেশের টি-২০ দলে ডাক পেয়েছেন মিরাজ। তবে তিনি খেলেননি ২০২৪ টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপে মিরাজকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন আশরাফ হোসেন।

বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘তাকে আমরা বিশ্বকাপ দলে সম্পৃক্ত করিনি কারণ আমরা তার টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম। যাতে টি-২০ খেলার যে একটা আগ্রাসন আছে সেটা তার ব্যাটিংয়ে যেন প্রভাব না রাখে কিংবা বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লেতে যেভাবে বোলিং করতে হয় সেই জায়গাতে আমরা ভালো অপশন মনে করিনি।’

আগামী ৬ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেই সিরিজ দিয়েই নিজেকে নতুন করে চেনানোর সুযোগ পাচ্ছেন মিরাজ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!