ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বর্তমান সময়ের ১০ দামি ফুটবলার যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ৩ অক্টোবর ২০২৪
বর্তমান সময়ের ১০ দামি ফুটবলার যারা
ছবি: সংগৃহীত

ধীরে ধীরে ইউরোপিয়ান ফুটবল লিগগুলো জমে উঠেছে। ক্লাবগুলো মেতেছে এগিয়ে যাওয়ার লড়াইয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। চলতি মাসে আবার দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের বড্ড ব্যস্ততার মাস যাচ্ছে। 

এসবের মাঝে এবার ট্রান্সফার মার্কেট দামি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে নতুন নতুন অনেক তারকা উঠে আসলেও দীর্ঘ দেড় যুগ ফুটবল মাঠে আধিপত্য বিস্তার করা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই। 

ফুটবলবিষয়ক ওয়েবসাইটটির হিসেবে, এ মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলার আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকার বর্তমান বাজারদর ২০ কোটি ইউরো। ২০১৬ সালের ডিসেম্বরে ১৬ বছর বয়সী হালান্ডের বাজারমূল্য যখন প্রথম সামনে আসে, তখন তার দাম ছিল ২ লাখ ইউরো।

Advertisement

অবশ্য সে সময় হালান্ড খেলতেন নরওয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্রায়নেতে। ২০২২ সালের জুলাইয়ে তিনি ডর্টমুন্ড ছাড়েন। সেই তার মূল্য ছিল ১৫ কোটি ইউরো। দামের তুলনায় ম্যানচেস্টার সিটি অবশ্য বেশ কম মূল্যেই তাকে পেয়ে যায়।

মাত্র ৬ কোটি ইউরোতেই সিটি হালান্ডকে কিনে নেয়। সিটিতে এসে পেপ গার্দিওলার অধীন ১০৭ ম্যাচেই করেন ১০১ গোল। বর্তমানে তার মূল্য ২০ কোটি ইউরো স্পর্শ করেছে। এর আগে মাত্র একজন ফুটবলারের দাম ২০ কোটি ইউরো ছুঁয়েছিল।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য প্রথমবারের মতো ২০ কোটির কোটা স্পর্শ করেছিল। সেই এমবাপ্পের বর্তমান বাজারমূল্য কমে হয়েছে ১৮ কোটি ইউরো।

এমবাপ্পের দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের দামও তার সমান ১৮ কোটি ইউরো। সামনের দিনগুলোয় হালান্ডের দাম আরও বাড়ে কি না, সেটাই দেখার অপেক্ষা।

একনজরে দেখে নিন ট্রান্সফার মার্কেটের হিসেবে সেরা দশ দামি ফুটবলারের তালিকা: 

খেলোয়াড়    ক্লাব    দেশ    দাম
আর্লিং হালান্ড    ম্যানচেস্টার সিটি    নরওয়ে    ২০ কোটি ইউরো
জুড বেলিংহাম    রিয়াল মাদ্রিদ    ইংল্যান্ড    ১৮ কোটি ইউরো
ভিনিসিয়ুস জুনিয়র    রিয়াল মাদ্রিদ    ব্রাজিল    ১৮ কোটি ইউরো
কিলিয়ান এমবাপ্পে    রিয়াল মাদ্রিদ    ফ্রান্স    ১৮ কোটি ইউরো
ফিল ফোডেন    ম্যানচেস্টার সিটি    ইংল্যান্ড    ১৫ কোটি ইউরো
বুকায়ো সাকা    আর্সেনাল    ইংল্যান্ড    ১৪ কোটি ইউরো
ফ্লোরিয়ান ভির্টৎস    বায়ার লেভারকুসেন    জার্মানি    ১৩ কোটি  ইউরো
জামাল মুসিয়ালা    বায়ার্ন মিউনিখ    জার্মানি    ১৩ কোটিই উরো
রদ্রি    ম্যানচেস্টার সিটি    স্পেন    ১৩ কোটি ইউরো
লামিনে ইয়ামাল    বার্সেলোনা    স্পেন    ১২ কোটি ইউরো

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!