রবার্ট লেভানদোভস্কির, রাফিনহা ও লামিনে ইয়ামালকে নিয়ে গঠিত বার্সেলোনার ফরোয়ার্ড লাইন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথাগুলোই বলেছেন হ্যান্সি ফ্লিক। আলাভাসের বিপক্ষে লা লিগায় বড় জয়ের পর তার কন্ঠে ঝরছিল প্রশংসা।
বার্সা কোচের এমন মন্তব্যে অবাক হওয়ার কিছুই নেই। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে লেভানদোভস্কি-রাফিনহা-লামিনে ইয়ামাল জুটি যেন হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। লেভানদোভস্কির নামের পাশে ১০ গোল ও দুই অ্যাসিস্ট, রাফিনহা (৫ গোল, চারটি অ্যাসিস্ট) এবং ইয়ামালও (৪ গোল, ৫ অ্যাসিস্ট) নিজেদের জাত চনিয়ে চলেছেন।
.png)
ফরোয়ার্ড লাইন নিয়ে আনন্দিত ফ্লিকের সাফ কথা, ‘আমরা অনেক গোল করি যা দলের জন্য ভালো। আমাদের ফুটবল খেলার ধরনের প্রতি এই আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও আমাদের সাহায্য করে।’
সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৪-২৫ মৌসুমে ১১ খেলার মধ্যে পাঁচটিতে কাতালান ক্লাবটি তিন কিংবা তার বেশি গোলের ব্যবধানে জিতেছে। লেভানদোভস্কি একাই করেছেন এক ডজন গোল। লা লিগায় আলাভেসের বিপক্ষে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া ৩৬ বর্ষী পোলিশ তারকাকে নিয়ে ফ্লিক উচ্ছ্বাসটা তাই লুকাননি।
‘সবাই লুইকে (লেভানদোভস্কি) সমর্থন করে এবং সে জানে ডি বক্সের ভেতর কী করতে হবে। গোলপোস্টের সামনে সে আমার জন্য সেরা খেলোয়াড়। এতটা দীর্ঘ সময় ধরে তার খেলে যাওয়া আশ্চর্যজনক। গোল করতে সক্ষম, এটা খুব ভালো। আমি তাকে নিয়ে খুব খুশি। আপনি দেখতে পাচ্ছেন, সে শতভাগ ফিট এবং অন্যান্য সতীর্থরা তাকে সত্যিই ভালো সমর্থন দিচ্ছে।’
আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বার্সার অধিনায়কত্ব করা রাফিনহাও এই মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন। তার ফ্রি কিকে হেডে বল জালে জড়িয়ে বার্সাকে লিড পাইয়ে দেন লেভানদোভস্কি। ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সেই রাফিনহার বাড়ানো বল পেয়েই ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন লেভা। চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে একটি গোলের পাশাপাশি রয়েছে অ্যাসিস্ট।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে ফ্লিকের মন্তব্য, ‘তার গতিশীলতা সত্যিই দারুণ। আমি মনে করি, সে এখনো আরো ভালো হয়ে উঠতে পারে। নিজের সেরা অবস্থায় থাকলে গোল করতে পারে। আমি তার জন্য খুব আনন্দিত। সে যা করছে, তা অবিশ্বাস্য।’