২০২৫ সালের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেইজ থেক এই দুই তারকার খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারের বিপিএল আসর মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিপিএল আয়োজনের নিশ্চয়তা দিয়েছে বিসিবি। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশ নিচ্ছে না।
.png)
এছাড়া নতুন মালিকানায় ফিরছে ঢাকা, রাজশাহী এবং চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজি। চিটাগাংয়ের মালিকানায় ফিরেছে সামির কাদের চৌধুরী। মালিকানা ফিরে পেয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে পাকিস্তানের হায়দার আলী, উসমান খানদের দলে টানার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল তারা।
এবার মঈন ও ম্যাথিউজের বিষয়টিও নিশ্চিত করল ফ্র্যাঞ্চাইজিটি। চিটাগাংয়ের বিদেশি খেলোয়াড়ের তালিকায় যুক্ত হতে পারে পাকিস্তানের আরেক খেলোয়াড় ওয়াসিম জুনিয়রের নামও। তার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
এছাড়া দেশীয় তারকার মধ্যে লিটন দাসকেও সরাসরি দলে টানতে চায় চিটাগাং। গত মৌসুমে কুমিল্লা ভিক্টরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন লিটন। চিটাগাংয়ের কোচিং প্যানেলেও আছে বড় নাম। হেড কোচ হিসেবে এরই মধ্যে সাবেক অজি স্পিডস্টার শন টেইটকে নিয়োগ দেওয়া হয়েছে।
টেইটের সহকারী হিসেবে থাকছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। চিটাগাংয়ের সম্ভাব্য খেলোয়াড় হিসেবে টাইগার লেগ স্পিনারের নামও শোনা যাচ্ছে। খুব দ্রুত তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করতে পারে ফ্র্যাঞ্চাইজি।
আগামী ১৪ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে। তার আগেই পছন্দের আরো কিছু খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় চিটাগাং কিংস। ফ্র্যাঞ্চাইজিটি এবারের আসরে বড় কিছু নাম নিয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী।