ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ১০ অক্টোবর ২০২৪
সুখবর পেলেন সাকিব
সাকিব আল হাসান

কানপুর টেস্টের আগ মুহূর্তে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় উঠে আসেন সাকিব আল হাসান। দেশে ফিরে ঘরের মাঠে শেষ টেস্ট খেলা এবং তার নিরাপত্তা নিয়েও চলছে আলোচনা। এর মধ্যে বুধবার (৯ অক্টোবর) রাতে এক স্ট্যাটাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে নিজের অবস্থান জানি‍য়েছেন টাইগার অলরাউন্ডার।

এসবের মাঝেই সাকিবের জন্য মিলল নতুন এক সুখবর। আবুধাবী টি-টেন লিগে ফের বাংলা টাইগার্সে ডাক পেয়েছেন সাকিব। শুধু তাই নয়, আসন্ন আসরের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাকিবের সঙ্গে চুক্তির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। এই লিগের সর্বশেষ আসরেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে গত আসরে মাঠে নামা হয়নি তার।

Advertisement

আসর শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান সাকিব। তবে আসন্ন আসরে ফের এই অলরাউন্ডারের ওপর আস্থা রাখছে দলটি। বাংলা টাইগার্সে রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, হজরতউল্লাহ জাজাই, ইফতিখার আহমেদদের সতীর্থ হিসেবে পাবেন তিনি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সেখানে তিনি জানান, তার শেষ আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন সবশেষ বিশ্বকাপে। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। চলতি মাসে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট সিরিজ খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন দেশ সেরা এই ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!