ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পর্তুগালের তিনে তিন, রোনালদোর ১৩৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩, ১৩ অক্টোবর ২০২৪
পর্তুগালের তিনে তিন, রোনালদোর ১৩৩
গোল করার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো

পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে উয়েফা নেশন্স লিগে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে পর্তুগাল। এবারের আসরে টানা তিন ম্যাচে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

ওয়ারশতে শনিবার রাতে ম্যাচে অতিথি দল দেখিয়েছে একচেটিয়া আধিপত্য। শতকরা ৬৩ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ২৬ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের হেড পাসে বল নিয়ে বাঁ-পায়ের জোরাল শটে গোল করেন বের্নার্দো সিলভা। 

এগারো মিনিট পর রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লেগে রোনালদোর পায়ে চলে যায়। নিচু শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ এই গোলদাতার মোট গোলসংখ্যা এখন ১৩৩টি। পেশাদার ফুটবলে তার নামের পাশে ৯০৬টি গোল।

Advertisement

বিরতির পর ৭৮ মিনিটে পোল্যান্ডের হয়ে ব্যবধান কমান পিওতর জিলিনস্কি। প্রতিপক্ষের বল আটকাতে গিয়ে জান বেদনারেক আত্মঘাতী গোল দিয়ে বসেন। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

এই জয়ের ফলে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। আরেক খেলায় স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট পাওয়া পোলিশদের অবস্থান তিনে। সব ম্যাচ হেরে পয়েন্টের খাতাই খোলেনি স্কটল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!