মেসি বার্সা ছাড়েন ২০২১ সালে। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে পাড়ি দেন মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। ২০২২-২৩ মৌসুম শেষে বার্সা ছেড়ে মায়ামিতে মেসির সঙ্গে যোগ দেন বুসকেটস ও আলবা।
মেসি তিন আর আলবা ও বুসকেটসের ক্যাম্প ন্যু ছাড়ার সময় পেরিয়েছে এক বছর। কিন্তু এখনো সাবেক ক্লাব থেকে তারা বেতন পান বলে এক প্রতিবেদনে জানিয়েছে, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’। কিন্তু ক্লাব ছাড়ার পরও কেন তাদের বেতন দিয়ে যাচ্ছে বার্সেলোনা?
.png)
তারা অবশ্য বিশেষ কোনো কারণে বেতন পান না। মূলত তাদের বকেয়া বেতনই এখনো পরিশোধ করে যাচ্ছে কাতালান ক্লাবটি। করোনার মহামারির সময়টাতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক দৈন্যদশায় পড়েছিল বার্সা। খরচ চালাতে হিমশিম খাচ্ছিল তারা।
ঋণের ভারে নুইয়ে পড়া দলের সহায়তায় পাশে দাঁড়ান সিনিয়র খেলোয়াড়রা। কঠিন সে সময়ে মেসিদের বেতন বন্ধ রেখেছিল বার্সা। যা এখনো শোধ করে যাচ্ছে ক্লাবটি। তবে আশার খবর দিয়েছে মুন্দো দেপোর্তিভো।
সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে নিজেদের সকল বকেয়া পরিশোধ করে নেবে বার্সা। মুক্ত হবে ঋণের বোঝা থেকে।
২০২০-২১ মৌসুমে দেয়া হিসেবে ৪৮১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬২৮২ কোটি টাকার বেশি) ক্ষতির কথা উল্লেখ করেছিল বার্সা। এরপর কেটেছে আরও তিন মৌসুম। তবে এখনো যে তারা পুরোপুরি আর্থিক দৈন্যদশা কাটিয়ে উঠতে পারেনি সেটা স্পষ্ট।