ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
স্কাই স্পোর্টসের দাবি

ইংল্যান্ডের কোচ হচ্ছেন টুখেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ১৬ অক্টোবর ২০২৪
ইংল্যান্ডের কোচ হচ্ছেন টুখেল
থমাস টুখেল

ইংল্যান্ড ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন থমাস টুখেল। ৫১ বছর বয়সী জার্মান এই কোচের সঙ্গে দেড় বছরের চুক্তি করেছে ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ তথ্য নিশ্চিত করেছে খেলাধুলাভিত্তিক গণমাধ্যম স্কাই স্পোর্টস।

গুঞ্জনটা আগে থেকেই ছিল। মঙ্গলবার সেই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে স্কাই স্পোর্টস। স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, টুখেলের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই চুক্তির মেয়াদ শুরু হবে।

তবে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা ঘোষণা দেয়নি এফএ। বুধবার (১৬ অক্টোবর) ওয়েম্বলি স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলন ডেকেছে এফএ। ধারণা করা হচ্ছে, সেখানে আসতে পারে নতুন কোচের ঘোষণা। 

Advertisement

গত মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়েছেন টুখেল। বর্তমানে কাজ করছেন না অন্য কোনো ক্লাবের হয়ে। তাই ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালনে কোনো বাধা নেই তার। জানুয়ারি থেকে টুখেল কাজ শুরু করলে ততদিন পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।

৫১ বছর বয়সে বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি এবং বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে টুখেলের। ২০২১ সালে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।

পিএসজির কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি বাদে সব ঘরোয়া ট্রফি জিতেছেন টুখেল। ডর্টমুন্ডকে ডিএফবি-পোকাল শিরোপা এবং বায়ার্নকে বুন্দেসলিগা শিরোপাও জিতিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!