ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে কোনো তথ্য নেই: জয়সওয়াল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে কোনো তথ্য নেই: জয়সওয়াল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রনধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আপনাদের জানানোর মতো আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’

Advertisement

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের সময় আউটরিচ অধিবেশনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ অধিবেশনে কে অংশ নেবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় হালনাগাদ তথ্য জানাবে। অংশগ্রহণের বিষয়ে আমরা আপনাদের জানাব। তবে এই মুহূর্তে আমি বলব, অনুগ্রহ করে আমাদের পক্ষ থেকে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন।’

দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়েও আমার কাছে কোনো তথ্য নেই।’

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠকে তারেক রহমানের অংশগ্রহণ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের অভিন্ন সম্পর্ক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং আগামী দিনগুলোতে কীভাবে এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/DB-N-07
লিংক সফলভাবে কপি হয়েছে!