মাদ্রিদের ক্লাব ছেড়ে সিরি আ'র ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন গুলার। আর তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট পর্যন্ত করেছে সিরি আ'র জায়ান্ট ক্লাবটি। এমন আকস্মিক দলবদলে সবাই যখন বিস্মিত, তখন জানা গেল আসল খবর।
রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্দা গুলারের জুভেন্টাসে যোগ দেয়ার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা সত্যি নয় বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ও দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো।
.png)
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জুভেন্টাসের অফিশিয়াল অ্যাকাউন্টে জানানো হয়েছিল এই তুর্কি তারকা রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি আ'র জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়েছেন। আদতে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে এই খবর ছড়ানো হয়েছে বলে জানান এই ইতালিয়ান সাংবাদিক।
জুভেন্টাসের অফিশিয়াল ইংরেজি এক্স অ্যাকাউন্টে আর্দা গুলারের ভ্রমণের ছবি দিয়ে সোমবার (২১ অক্টোবর) লেখা হয়, 'জুভেন্টাসে স্বাগতম, আর্দা গুলার। ফুটবলের এই উঠতি তারকা এখন জুভেন্টাস পরিবারের অংশ! এই নতুন যাত্রায় ইতিহাস গড়তে আমরা উভয়ই প্রস্তুত।'
ক্লাবটির অফিশিয়াল অ্যাকাউন্টে এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছিল সবাই। কারণ এরই মধ্যে গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডো বন্ধ হয়ে গেছে। জানুয়ারিতে শীতকালীন দলবদলের উইন্ডো না খোলা পর্যন্ত দলবদলের কোনো সুযোগ নেই।
এমনকি শীতকালীন দলবদলেও এই তুর্কি তারকার মাদ্রিদ ছাড়ার কোনো সম্ভাবনার গুঞ্জনও শোনা যাচ্ছিল না। অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে, তার দলবদলের এই খবর সত্যি নয়।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জুভেন্টাসের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবরের পাশাপাশি গুলারের যে ক্লাবটিতে যোগ দেয়ার সম্ভাবনা এখন পর্যন্ত শূন্যের কোটায়, তাও নিশ্চিত করেছেন।
২০২৩ সালের জুলাইয়ে ছয় বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব ফেনেরবাখ থেকে গুলারকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। ১৯ বছর বয়সী এই তারকা লস ব্লাঙ্কোদের জার্সি গায়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ৬ গোল করেছেন।