ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিরপুর টেস্ট: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ড্রয়ের সম্ভাবনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ২৩ অক্টোবর ২০২৪
মিরপুর টেস্ট: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ড্রয়ের সম্ভাবনা
মিরপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাধা

প্রথম ইনিংসে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা ও দক্ষিণ আফ্রিকার দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর মিরপুর টেস্ট তিন দিনেই শেষের জোরালো সম্ভাবনা জেগেছিল। প্রোটিয়াদের বিপক্ষে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ে ঘটে। ইনিংস পরাজয়ের শঙ্কা জাগলেও মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের জুটিতে তা কেটেছে। বিরূপ আবহাওয়ায় আগেভাগেই তৃতীয় দিনের খেলা শেষের ঘোষণা দেন দুই আম্পায়ার।

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারাদেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার দুপুর দেড়টার পর বৃষ্টিপাতের কারণে খেলা থেমেছিল। পরে আবার বল মাঠে গড়ালেও আলোকস্বল্পতায় সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আগামী দুইদিন ঠিকঠাক খেলা না হলে টেস্ট ড্রয়ের সম্ভাবনা জেগেছে।

বাংলাদেশের উপকূলের আরো কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় ডানা। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়টির প্রভাব খুলনা ও উপকূলীয় অঞ্চলে বেশি থাকতে পারে।

Advertisement

আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী গণমাধ্যম অ্যাকুওয়েদার জানাচ্ছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারাদিন আকাশে মেঘ থাকবে। সকালে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে ৪.৫ মিলিমিটার। বিকালের দিকে তা ৬.২ মিলিমিটার হতে পারে। রাতে বৃষ্টির পরিমাণ ২ মিলিমিটার পর্যন্ত থাকতে পারে। এদিন বল মাঠে গড়ানোর সম্ভাবনা বেশ কম।

শুক্রবার (২৫ অক্টোবর) টেস্টের পঞ্চম ও শেষ দিন আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূলে থাকবে। সকালের দিকে এক মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আভাস নেই। বিকালেও একইরকম পূর্বাভাস। এদিন মাঠে খেলা গড়ানোর সম্ভাবনাই বেশি। ঐ সময়টুকু টাইগার ব্যাটাররা কতটা দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্রিজে টিকবেন ও প্রতিপক্ষের সঙ্গে স্বাগতিকরা কত রানের লিড নিতে পারবে, মূলত তার উপরেই বাংলাদেশের টেস্টে হার এড়ানো নির্ভর করছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মেহেদী হাসান মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত আছেন। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ ও দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে। টাইগারদের লিড ৮১ রান।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!