সোমবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের প্রতিনিধি হিসেবে তাইজুল হাজির হন। বাঁহাতি এই স্পিনারের কাছে প্রশ্ন রাখা হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয়, তাহলে কতটা প্রস্তুত আপনি। উত্তরে তিনি বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি।’
দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের ভূমিকা নিয়ে তার ভাষ্য, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, বাস্তবায়ন করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর আমার দেশের জনগণ হোক।’
.png)
‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই সহায়তাগুলো আমি কখনো কখনো করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে এসে তাইজুল ইসলাম পূর্ণ করেছিলেন টেস্ট ফরম্যাটের ২০০ উইকেট। বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে তার আগে ২০০ উইকেট নিতে পেরেছিলেন কেবল সাকিব আল হাসান।
৩২ বর্ষী তাইজুল ৪৮ টেস্ট খেলে নিয়েছেন মোট ২০৪ উইকেট। প্রথম শ্রেণির উইকেটে তার ঝুলিতে রয়েছে ৪৫৮ উইকেট। এছাড়া লাল-সবুজের জার্সিতে ২০টি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলেছেন।