সাকিবের চাওয়া অনুযায়ী মিরপুর টেস্টের স্কোয়াডে তাকে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। যদিও এর মাঝে সাকিবের দেশে ফেরা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল থেকে দেয়াললিখন এমনকি কুশপুত্তলিকা দাহও করে সাকিব বিরোধীরা।
শেষ পর্যন্ত নিরাপত্তার ইস্যুতে আর মিরপুর টেস্ট খেলা হয়নি সাকিবের। এমনকি মাঝ পথ থেকে যুক্তরাষ্ট্রেও ফিরে যেতে হয়েছে তাকে। এদিকে সাকিব টেস্ট ও টি-২০ থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন। পূর্বের ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডেতে খেলতে চান এই অলরাউন্ডার।
.png)
বিদ্যমান পরিস্থিতিতে ওয়ানডে ফরম্যাটে সাকিবের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের জরুরি সভা আজ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিকেলে সাড়ে তিনটায় হবে গুরুত্বপূর্ণ এই সভা। যেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে রয়েছে সাকিবের ইস্যুও।
চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। আমিরাতের শারজায় নিরপেক্ষ ভেন্যু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৬ নভেম্বর প্রথম ম্যাচ এরপর দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ গড়াবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।
আসন্ন এই সিরিজে সাকিব খেলবেন কিনা, কিংবা সাকিবকে স্কোয়াডে রাখবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজকের বোর্ড সভায়। কারণ এই সিরিজটি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বোর্ড। তাই সাকিবের বিষয়টিও গুরুত্বপূর্ণ।