ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই যুগ পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ৩ নভেম্বর ২০২৪
দুই যুগ পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত 
গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন আকাশদীপ

মাত্র ১৪৭ রানের সহজ জয়ের লক্ষ্যে ছুটতে ব্যর্থ ভারত। আজাজ প্যাটেলের স্পিনের সামনে নাজেহাল হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ রানের হারল রোহিত শর্মার দল। তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া। দীর্ঘ দুই যুগ পর ঘরের মাঠে স্বাগতিকরা হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল।

মুম্বাই টেস্টে রোববার তৃতীয় ও শেষ দিনের লাঞ্চ বিরতির পর ঘণ্টা খানেকও মাঠে গড়ায়নি টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা ২৩৫ রান তোলে। ভারত প্রথম ইনিংসে ২৬৩ রানের পুঁজি নিয়ে ২৮ রানের লিড পায়। সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যায়। মাত্র ১৪৭ রানের লক্ষ্য তাড়ায় টিম ইন্ডিয়া ১২১ রানেই থেমে যায়।

সর্বশেষ হ্যান্সি ক্রনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০০ সালে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজটির পর টানা ২৪ বছর এমন লজ্জার স্বাদ এশিয়ার দলটি পায়নি। এবার সেই ধারা ভেঙে গেল।

Advertisement

প্রথমবার ঘরের মাঠে তিন বা তার বেশি সংখ্যক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ইংল্যান্ড (৪ বার), অস্ট্রেলিয়া (৩ বার), এবং ওয়েস্ট ইন্ডিজের (একবার) পর তিন বা তার অধিক ম্যাচ টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করা চতুর্থ দল হিসেবে আবির্ভূত হলো নিউজিল্যান্ড।

বেশ বিপদে থেকেই তৃতীয় দিনের খেলা আরম্ভ করেছিল নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে দলটির স্কোর তখন ৯ উইকেটে ১৭১ রান। আর মাত্র তিন রান যোগ হতেই পড়ে যায় শেষ উইকেট। ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় দেড়শ রানেরও কম।

স্কোরবোর্ডে ২৯ রান উঠতেই ৫ উইকেট উধাও! ষষ্ঠ উইকেটের পতন ঘটে ৭১ রানের মাথায়। রিশভ পান্ট স্রোতের বিপরীতে বুক চিতিয়ে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ফিফটির দেখা পান। ৫৭ বলে ৯ চার ও এক ছক্কায় খেলেন ৬৪ রানের ইনিংস।

কিউই স্পিনার আজাজ প্যাটেলের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়লে প্যান্ট ফিরলে কার্যত ভারতের জয়ের আশা শেষ হতে থাকে। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও ব্ল্যাক ক্যাপসরা রিভিউতে সফলতা পায়। যদিও পান্ট দাবি করছিলেন বল তার প্যাডে লেগেছিল। অসন্তোষ প্রকাশ করেই ক্রিজ ছাড়েন।

এরপর ভারতের শেষ তিন উইকেট তুলে নিয়ে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আনন্দে মাতে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে থাকা সকলের মুখে তখন রাজ্যের অন্ধকার।

দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আজাজ প্যাটেল। ধারাবাহিকতা বজায় রেখে ব্যাট হাতে তিন ম্যাচে ২৪৪ রান পাওয়া উইল ইয়াং হন সিরিজসেরা। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!