ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজে ক্রিকেটারদের শিক্ষা সফর, বনভোজন, নাকি মধুচন্দ্রিমা?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ১৪ নভেম্বর ২০২৪
উইন্ডিজে ক্রিকেটারদের শিক্ষা সফর, বনভোজন, নাকি মধুচন্দ্রিমা?
ক্রিকেটাররা অবসর সময়টা ভলিবল খেলে ফুরফুরে মেজাজে ছিলেন

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে ভালো খেলবে, সেই প্রত্যাশা দর্শকরা যেন কমিয়েই দিচ্ছেন। অনেকে ভালো পারফরম্যান্স করার প্রত্যাশার পারদটা তলানিতেই রাখছেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের অবসর সময় কাটানোর মুহূর্তে ভলিবল খেলার ভিডিও আপলোড করার পর তা পরিষ্কার হয়ে যায়। অনেকেই উইন্ডিজ সফরকে মধুচন্দ্রিমার সঙ্গেও তুলনা দেন।  

মেহেদী হাসান নামের একজন মন্তব্য করেছেন, ‘আরেকটি শিক্ষা সফর, আরেকটি বনভোজন।’ তানিম হাসান নিয়াজ নামের আরেক ব্যক্তি তো পিকনিক টিম বলে খোঁচাই দিয়েছেন। আরো এক কাঠি উপরে উঠে নাজমুল আহম লিখেছেন, ‘বিনামূল্যে সফর পেতে তারা ক্রিকেট খেলার অভিনয় করে।’ 

Advertisement

ক্রিকেটারদের নিয়ে ব্যাঙ্গাত্মক সমালোচনায় মাহমুদুল সিয়ামের মন্তব্য, ‘আরেকটি বিদ্যালয়ের বনভোজন সম্পন্ন।’ ক্রিকেট দলের ভিন্ন পরিচয় উপস্থাপনের চেষ্টায় মোহাম্মদ সুফিয়ান রকি লিখেছেন, ‘বাংলাদেশ ভলিবল জাতীয় দল।’ আমির হামজা জেসান অবশ্য ক্যারিবীয় সফরে যাওয়া খেলোয়াড়দের বাংলাদেশ বনভোজন দল হিসেবে উল্লেখ করেন। 

ব্যাঙ্গ করে রিয়াদ খন্দকার মন্তব্যের ঘরে লেখেন, ‘আসুন, খাওয়া-দাওয়া করুন, ম্যাচ হারুন, হোটেলে ফিরে আসুন, ছুটি উপভোগ করুন এবং এসবের পুনরাবৃত্তি ঘটান।’ খেলোয়াড়দের নিয়ে মো. শাহাদাৎ হোসেনের পরামর্শ, ‘৬ মাসের ছুটি নিন... নিজে উপভোগ করুন এবং সতেজ থাকুন। নতুন খেলোয়াড়দের বাংলাদেশ ক্রিকেটে দায়িত্ব নেয়ার সুযোগ দিন।’ 

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর টেস্টে বাংলাদেশের উন্নতির লক্ষণের দেখা মিলেছিল। পরে অবশ্য ভারত সফরের বাজে পারফরম্যান্সে তা, একেবারেই মিলিয়ে যায়। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাচ্ছেতাই খেলায় তাদের সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন।

লাল-সবুজের দলের ফেভারিট ফরম্যাট ওয়ানডেতেও চলছে বেহাল দশা। আফগানিস্তানের কাছে হেরেছে সিরিজ। প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় সকলের কাছে ছিল অগ্রহণযোগ্য। মাত্র ২৩ রান যোগ করতেই হারায় শেষ ৮ উইকেট। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!