ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আশা করিনি আমরা সত্যিই এত খারাপ খেলবো: ফ্লিক  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ২৪ নভেম্বর ২০২৪
আশা করিনি আমরা সত্যিই এত খারাপ খেলবো: ফ্লিক  
হ্যান্সি ফ্লিক

সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর বার্সেলোনার পারফরম্যান্সের কঠোর সমালোচনায় মুখর হয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। আন্তর্জাতিক বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের কাছে হারা বার্সা টানা দুটি ম্যাচে জয়হীন। 

চোটের কারণে মাঠের বাইরে থাকা লামিনে ইয়ামালের অভাবটা কাতালান ক্লাবটি হাড়ে হাড়েই টের পেয়েছে। তবুও মার্ক কাসাদোর লাল কার্ড দেখায় দশজনের দল নিয়েও ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোল হজমে জয়বঞ্চিত থাকাটা মানতে নারাজ ফ্লিক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কখনো কখনো এমন হয় যে আপনি একটি দলের এমন বাজে পারফরম্যান্স দেখেন। আমি আশা করিনি যে আমরা সত্যিই এত খারাপ খেলবো। আমাদের উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে।’ 

Advertisement

‘পরিশেষে সবচেয়ে ভালো দিক, আমরা এক পয়েন্ট পেয়েছি। এটা আজকের সেরা ব্যাপার। কিন্তু আমরা খুশি নই, খেলোয়াড়রা খুশি নয়, সবাই খুশি নয়। আমি মনে করি সবাই আজকের চেয়ে অনেক ভালো খেলতে পারবে।’ 

৮২ মিনিটে সেল্টার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। ১০ জনে পরিণত হওয়া দলটির বিপক্ষে এরপর ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করেন যথাক্রমে আলফোনসো গঞ্জালেজ ও হুগো আলভারেজ। বার্সাকে দিতে হয়েছে জুলেস কাউন্ডের ভুল পাসের খেসারত। ফ্লিক অবশ্য ম্যাচের ফলের জন্য কাসাদো ও কাউন্ডেকে দায় দিতে নারাজ। পুরো দলের ব্যর্থতাকেই তিনি সামনে তুলে এনেছেন। 

‘সবাই বলেছিল যে সেল্টা ভিগোর সঙ্গে খেলা কঠিন এবং আপনি আজ সেটা দেখতে পেলেন হয়তো কখনো তারা মনে করে জেতা খুব সহজ। কিন্তু এটি সহজ নয়। এখন সবাই আমাদের বিপক্ষে জিততে চায় এবং আমাদের বিপক্ষে ভালো খেলতে চায়।’ 

‘অনেক ভুল ছিল। অনেক খারাপ পাস, বল হারানো, ভুল সিদ্ধান্ত ইত্যাদি। এটা লাল কার্ডের বিষয় নয়। এটা জুলসের ভুলের কথা নয়। পুরো দলের ব্যর্থতা। এটা আমরা যেভাবে খেলেছি তার ফল। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যখন আপনি ৮০, ৮৫ কিংবা ৯০ শতাংশ ভালো খেলেন, তখন আপনি জিততে পারবেন না। এটা এত সহজ নয়।’ 

লা লিগায় ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!