ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৮ নভেম্বর ২০২৪
অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ
ফাইল ছবি

পার্থ টেস্টে ২৯৫ রানের হার দিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে অলরাউন্ডার মিচেল মার্শের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় তারা। বাধ্য হয়ে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নতুন খেলোয়াড় ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তাসমানিয়ার অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে অ্যাডিলেড টেস্টের স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে অস্ট্রেলিয়া। শুধু দ্বিতীয় টেস্টের জন্যই এই ৩০ বছর বয়সী অলরাউন্ডারকে স্কোয়াডে নেয়া হলেও ব্রিসবেনে তৃতীয় টেস্টের জন্যও তাকে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

অফ স্পিনার থেকে মিডিয়াম পেসার বনে গেলেও প্রয়োজনে স্পিন বোলিংও করতে পারেন ওয়েবস্টার। গত কয়েক মৌসুম ধরেই জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া এ ক্রিকেটার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন।

Advertisement

কিছুদিন আগে ভারত 'এ' দলের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন ওয়েবস্টার। দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় খেলতে রাজি এই অলরাউন্ডার।

ওয়েবস্টার বলেন, 'আমি মনে করি গত ১০ বছর ধরেই এটা করে আসছি, শুরুতেই হোক আর মাঝে। তবে আমার মনে হচ্ছে ব্যাট হাতে পাঁচ থেকে সাতের মধ্যে কোথাও আমাকে ভূমিকা রাখতে হবে।

বল হাতেও কিছু ভূমিকা রাখতে হবে (যদি অভিষেক হয়)। সম্ভবত সিমার হিসেবেই, যেহেতু নাথান লায়ন ও বেশ কয়েকজন মিলে বেশ ভালো স্পিন লাইনআপ আমাদের আছে।'

শেফিল্ড শিল্ডের সবশেষ রাউন্ডে নিউ সাউথ ওয়েলেসের বিপক্ষে ৬১ এবং ৪৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেছেন ওয়েবস্টার। যার মধ্যে দুটি একই ওভারে।

এছাড়া তিনি স্লিপে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ফিল্ডার। তাসমানিয়াকে ম্যাচ জেতানোর কিছুক্ষণ পরেই নির্বাচক জর্জ বেইলির কাছে থেকে দলে যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ভারত 'এ' দলের বিপক্ষে খেলা চারদিনের ম্যাচ দুটিতে চার ইনিংসে ১৪৫ রান করেন ওয়েবস্টার। যার মধ্যে সফল রানতাড়ায় দুই ইনিংসে অপরাজিত ছিলেন। বল হাতেই মাত্র ১৯.৫৭ গড়ে ৭ উইকেট শিকার করেছেন, যার মধ্যে ৬টিই পেয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

শেষ দুই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ৫৩.২৩ রান এবং বল হাতে ৩১.৭১ গড়ে উইকেট শিকার করেছেন ওয়েবস্টার। যার মধ্যে গ্লুচেস্টারশায়ারের হয়ে কাউন্টির রানও আছে।

স্কোয়াডে জশ ইংলিস থাকলেও তার চেয়ে ওয়েবস্টারের অভিষেকের সম্ভাবনাই বেশি। মার্শ যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তবে বোলিং ইউনিটের ওয়ার্কলোড কমাতে ওয়েবস্টার ভালো ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস কামিন্স ও ম্যাকডোনাল্ডের।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১২ রানে ২ উইকেট শিকার করেছিলেন মার্শ। অজিদের জন্য আশার কথা অ্যাডিলেড টেস্ট শুরুর আগে সেরে ওঠার জন্য বেশ খানিকটা সময় পাচ্ছেন এই অলরাউন্ডার। আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে অ্যাডিলেড টেস্ট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!