ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ৮ ডিসেম্বর ২০২৪
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ মাঠে নামছে বাংলাদেশ
ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষের প্রস্তুতিতে বাংলাদেশ

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শেষের প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের। রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের ওয়ানডে ম্যাচ বলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। এই সিরিজের পর বাংলাদেশের নেই কোনও ওয়ানডে। মিরাজরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেই পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেবে। তাতে করে ওয়ানডের প্রস্তুতি বলতে আজ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ। তাইতো সেন্ট কিটসে তিনটি ম্যাচই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। 

যদিও বাংলাদেশের জন্য সেন্ট কিটস পয়মন্ত ভেন্যু। ৬ বছর আগে সেন্ট কিটসে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। এখানে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডে খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালের জুলাইয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করা ম্যাচটি খেলেছিল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। সেই সুখস্মৃতি অনুপ্রেরণা জোগাচ্ছে মিরাজদের। 

Advertisement

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান স্বস্তিদায়ক নয়। পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে হেরেছে চারটিতে। ফলে সার্বিক চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচের আগে বলেছেন, ‘আসলে দেখেন, চেষ্টা করতে পারি। পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ আর দলের প্রতিটা খেলোয়াড়ের ভালো খেলা গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে আমার চাওয়া থাকবে সাপোর্ট করা, বুস্ট আপ করা এবং খেলোয়াড়দের কীভাবে পারফর্ম করানো যায় সেভাবে টিমমেটদের সঙ্গে কথা বলা। আর নিজেও দিনশেষে পারফর্ম করা।  ওয়েস্ট ইন্ডিজে এর আগে যখন সিরিজ খেলতে এসেছি ওয়ানডে; ম্যাক্সিমাম ম্যাচ জিতেছি, সিরিজগুলো জিতেছি। শেষ যখন ২২ সালে এসেছিলাম, তখনও ওয়ানডে সিরিজ জিতেছি । ১৮ সালে যখন এসেছি, এই মাঠেই শেষ ম্যাচটা খেলেছিলাম এবং ওই ম্যাচে প্রায় ৩০০ প্লাস রান করেছিলাম। আমরা সিরিজ জিতেছিলাম।’

এদিকে, গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের ফাইনাল খেলে শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন। এই তিন ক্রিকেটারের মধ্যে সৌম্য আছেন দারুণ ফর্মে। গ্লোবাল লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তার ব্যাটে ভর করেই রংপুর চ্যাম্পিয়ন হয়েছে। এর বাইরে আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিব গায়ানার হয়ে খেলেছেন। তার দল সেমিফাইনাল খেলতে ব্যর্থ হলেও তিনি দারুণ ছন্দে আছেন।  সাকিব-সৌম্যদের এই গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন মিরাজ, ‘খুবই ভালো একটা দিক। দেখেন ওরা তিনজন খেলার ভেতর আছে। অনুশীলনের চেয়ে তো খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু খেলার ভেতর আছে, একই রকম কন্ডিশনে আছে। ওরা টিমের সঙ্গে জয়েন করবে। আশা করি ওদের অবদানটা অনেক গুরুত্বপূর্ণ।’

দুই দলের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হয়েছে। নর্থ সাউন্ডে প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ২০১ রানে। জ্যামাইকায় ১০১ রানে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। টেস্টের মতো ওয়ানডে সিরিজে চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিক ভাবেই টেস্টের মতো ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এই অফস্পিনিং অলরাউন্ডারের হাত ধরে ওয়ানডেতে নতুন এক বাংলাদেশ দলের পথ চলা যেন শুরু হতে যাচ্ছে! কন্ডিশন কঠিন হলেও মিরাজ হাল ছাড়তে চান না। টেস্টের পর তার চোখ এখন ওয়ানডে সিরিজে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!