[ খেলা ]
লঙ্কা টি-১০ লিগে সৌম্যর বদলি আরেক বাংলাদেশি ক্রিকেটার
ফটো- সংগৃহীত
লঙ্কা টি-টেন লিগের এবারের আসরে বাংলা টাইগার্স হাম্বানটোটা দলে সৌম্য সরকারের খেলার কথা ছিল। তবে জাতীয় দলের খেলার সঙ্গে সময়সূচির সংঘর্ষের কারণে টিনি ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে পারবেন না। সেজন্য দলটি আরেকজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে টেনেছে।
সৌম্য সরকারকে ড্রাফট থেকে দলে নিয়েছিল বাংলা টাইগার্স। তবে বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। সেজন্য এই বাঁহাতি ব্যাটারের পরিবর্তে সাব্বির রহমান সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। দলটিতে সরাসরি চুক্তিতে আরো যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। ফ্র্যাঞ্চাইজিটি তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, মোসাদ্দেক ও সাব্বির এখন টাইগার।
বুধবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে লঙ্কা টি-টেন। উদ্বোধনী দিনে বাংলা টাইগার্স তাদের প্রথম ম্যাচে জাফনা টাইটান্সের মুখোমুখি হবে।
বাংলা টাইগার্সে দাসুন শানাকা, দুষ্মন্ত চামিরা, ইসুরু উদানা, কুশল পেরেরা, ইফতিখার আহমেদ, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, করিম জানাত, রিচার্ড গ্লিসন, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ব্রায়ান বেনেটরা রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!