অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) জয় শাহ বৈঠক করেছেন। এই আলোচনার ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আইসিসি চেয়ারম্যান।
ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেন জয় শাহ। আগামী শনিবার ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। সেই ম্যাচ মাঠে বসে দেখার কথা রয়েছে বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারির।
.png)
আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই জয় শাহ ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাও বলেছিলেন।
‘আমাদের প্রধান লক্ষ্য হল ক্রিকেটকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এর জনপ্রিয়তা আরও বাড়ানো। আমরা যেমন অতীত থেকে শিক্ষা নেবো, তেমনই বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের সেই লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এর ফলে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছাবে।’
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-২০ ফরম্যাটে হবে খেলা। ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মূল অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মিয়ামি বা নিউইয়র্ক শহরে।