ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের, পাচ্ছেন কে কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ২২ ডিসেম্বর ২০২৪
বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের, পাচ্ছেন কে কত?
ছবি: বাংলাদেশ নারী ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তির বাইরে আরো ৩০ নারী ক্রিকেটারকে বেতনের আওতায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ১৬তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বেতনের আওতা বাড়ানোর পাশাপাশি নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। আসছে বছর নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

বিসিবির দেওয়া তথ্য মতে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বেতন বাড়ছে নিগার সুলতানা জ্যোতিদের। সেক্ষেত্রে এ ও বি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ছে ২০ হাজার টাকা করে। এ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা আগে পেতেন এক লাখ টাকা করে। নতুন কাঠামো অনুসারে তারা পাবেন এক লাখ ২০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে আছেন, অধিনায়ক নিগার সুলতানা, ফারজানা হক, রিতু মনি ও নাহিদা আক্তার। 

বি ক্যাটাগরির ক্রিকেটারদেরও বেড়েছে ২০ হাজার টাকা। আগে তারা পেতেন ৮০ হাজার টাকা। এখন পাবেন এক লাখ টাকা। এই তালিকায় আগে থেকেই আছেন ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা। নতুন করে যুক্ত হলেন, শারমিন, মুর্শিদা, শারমিন সুপ্তা, মারুফা ও রাবেয়া আক্তার। 

Advertisement

সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেড়েছে ১০ হাজার টাকা করে। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা। এই তালিকায় আছেন জাহানারা আলম, সোবহানা মোস্তারি ও সোমা আক্তার। 

দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা ও সাথি রানিদেরও ১০ হাজার বেড়ে পাবেন ৬০ হাজার টাকা। তারা আছেন ডি ক্যাটাগরিতে। 

বেতন ছাড়াও আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় দলকে হারালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মোটা অঙ্কের বোনাস পান জাতীয় দলের ক্রিকেটাররা। এবার নারী ক্রিকেটাররাও পেলেন সুখবর। পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদেরও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিসিবি। 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে নারী ক্রিকেটাররা ১–৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪–৬ র‌্যাঙ্কিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭–৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১–৩ নম্বরের দলকে হারালে ৫০ হাজার, ৪–৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭–৯ র‌্যাঙ্কিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!