দীর্ঘদিন ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজার বিষয়টি ফিফাতে ঝুলে ছিল। শেষ পর্যন্ত ফিফার অনুমতি পাওয়ায় লাল-সবুজের জার্সিতে তার খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নতুন বছর ২০২৫ সালের শুরুতে হামজা আবারো খবরের শিরোনাম হলেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু হয়েছে শীতকালিন দলবদল। গুঞ্জন আছে, এই দলবদলে বাংলাদেশি তারকাকে দলে পেতে আগ্রহী শেফিল্ড ইউনাইটেড। বর্তমানে চ্যাম্পিয়নশিপে থাকা দলটি এক মৌসুমের বিরতিতে প্রিমিয়ার লিগে ফিরে আসার পথে আগাতে চাইছে।
.png)
চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ দুই দল ২০২৫-২৬ মৌসুমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। শেফিল্ড সেই দৌড়ে ভালোভাবেই টিকে আছে। শেফিল্ড হামজাকে চায় ৬ মাসের লোনে। বাইআউট ক্লজ থাকবে কি না, তা অবশ্য এখনই জানাতে পারেনি ইংল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলো।
এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলতে গিয়ে তাদেরকে প্রথম বিভাগে টিকে থাকতে ভালোভাবেই সাহায্য করেছিলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে শুরুর একাদশে তার সুযোগ মিলছে না। অবশ্য হামজা সুযোগ পাচ্ছেন বদলি হিসেবে। হয়তো সেই সুযোগ কাজে লাগাতে চাইছে শেফিল্ড।